নিষ্প্রভ হ্যারি কেন, ব্রিটিশদের শাসন করে 'থার্ড বয়' বেলজিয়াম
দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সের বিরুদ্ধে যে খেলা দেখাতে পারেনি বেলজিয়াম, সেটাই ইংল্যান্ডের বিরুদ্ধে খেললেন অ্যাজাররা। দাপট দেখিয়ে ব্রিটিশদের হারালেন ২-০ গোলে। তৃতীয় স্থানে শেষ করলেন বিশ্বকাপ অভিযান।
খেলার শুরুতেই চমক দেয় বেলজিয়াম। কাউন্টার থেকে
শেষ আপডেট: 14 July 2018 16:00
দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সের বিরুদ্ধে যে খেলা দেখাতে পারেনি বেলজিয়াম, সেটাই ইংল্যান্ডের বিরুদ্ধে খেললেন অ্যাজাররা। দাপট দেখিয়ে ব্রিটিশদের হারালেন ২-০ গোলে। তৃতীয় স্থানে শেষ করলেন বিশ্বকাপ অভিযান।
খেলার শুরুতেই চমক দেয় বেলজিয়াম। কাউন্টার থেকে চাডলির জন্য বল বাড়ান লুকাকু। বাঁ প্রান্ত ধরে দৌড়ে চাডলির ক্রসে পা ছুঁইয়ে চার মিনিটের মাথায় বেলজিয়ামকে এগিয়ে দেন মুনিয়ের। তারপরেও একের পর এক আক্রমণ করতে থাকেন অ্যাজার, দি ব্রুইনারা। চাপে পড়ে যায় ইংল্যান্ডের ডিফেন্স। ২০ মিনিটের পর কিছুটা খেলায় ফেরে তারা। ২৩ মিনিটের মাথায় টপ বক্স থেকে সহজ সুযোগ মিস করেন হ্যারি কেন। প্রথমার্ধের বাকি সময় দু'দলই আক্রমণ করে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কেউ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ প্রতি আক্রমণের খেলা চলতে থাকে। গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। ৬৯ মিনিটের মাথায় সহজ সুযোগ পায় ইংল্যান্ড। কুর্তোয়াকে পরাস্ত করে ডায়ারের শট গোল লাইন সেভ করেন অল্ডারওয়াইল্ড। পরের ১০ মিনিট একের পর এক আক্রমণ করতে থাকে ইংল্যান্ড। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি হ্যারি কেন, লিংগার্ডরা। ৮১ মিনিটের কাউন্টার থেকেই দি ব্রুইনা ডিফেন্স চেরা পাস রাখেন অ্যাজারের জন্য। পিকফোর্ডকে পরাস্ত করে গোল করে যান অ্যাজার। আর খেলায় ফিরতে পারেনি ইংল্যান্ড।
গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে আছেন হ্যারি কেন। কিন্তু নক আউটে উঠে তাঁর গোল স্কোরিং বুট জোড়া যেন হারিয়ে ফেলেছেন। গোটা ম্যাচে খুঁজেই পাওয়া গেল না তাঁকে। অন্যদিকে কর্তৃত্ব নিয়ে খেললেন অ্যাজার। গোল করলেন, করালেন। সেমি ফাইনালের রাগ যেন পুষিয়ে নিলেন। এই জয়ের ফলে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম তৃতীয় স্থানে শেষ করল বেলজিয়াম। অন্যদিকে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হলো ইংল্যান্ডকে।