
গৌতম গম্ভীর
শেষ আপডেট: 17 May 2024 22:55
দা ওয়াল ব্যুরো: ভারতীয় বোর্ডের তরফ থেকে গৌতম গম্ভীরকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এদিন এই খবর প্রকাশ করেছে বোর্ডের স্বীকৃত এক ওয়েবসাইট।
রাহুল দ্রাবিড় আগামী টি ২০ বিশ্বকাপের পরে কোচের পদ থেকে সরে দাঁড়াবেন। তারপর বোর্ড চাইছে কোনও ভারতীয় যেন সেই পদে আসে। ইতিমধ্যেই গম্ভীর ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। তাই বোর্ড মারফত কেকেআরের মেন্টরের সঙ্গে যোগাযোগ করা হয়। গম্ভীর এই নিয়ে কোনও মত দেননি বলে খবর। কারণ তিনি কলকাতা দলের বড় পদে রয়েছেন। এই মুহূর্তে আইপিএল চলছে। তাই লিগ শেষ হওয়ার পরে বোর্ডের প্রস্তাব ভেবে দেখতে পারেন প্রাক্তন নামী এই ক্রিকেটার।
রোহিত শর্মাদের হেড কোচ হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতামান রয়েছে গম্ভীরের। আন্তর্জাতিক ক্রিকেট খেলার যতটুকু অভিজ্ঞতা দরকার, তার থেকে অনেক বেশি অভিজ্ঞ তিনি। তাছাড়া আইপিএলে মেন্টর হিসেবে লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে।
বোর্ড কর্তারা প্রাথমিকভাবে গম্ভীরের সঙ্গে কথাবার্তা বলেছেন বলে খবর। আইপিএল মিটলে দু'পক্ষের মধ্যে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও শোনা যাচ্ছে। আগামী ২৭ মের মধ্যে ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করা যাবে।