আজ কোর্টের চেয়েও বেশি করে আলোচনায় বাইরের ঘটনা। ম্যাচের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই বল গার্লের পাশে দাঁড়ানোর মুহূর্তের ভিডিও। দেখে অনেকেই লিখেছেন, ‘এই ছবিটাই খেলাধুলোর আসল সৌন্দর্য!’

লুটিয়ে পড়ার আগে বল গার্ল
শেষ আপডেট: 18 January 2026 16:56
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) মানেই কোর্টের পাশাপাশি তীব্র গরমের বিরুদ্ধে পরীক্ষা। প্রতিপক্ষ সূর্যের অসহ্য তাপ। তার সঙ্গে লড়ে যান খেলোয়াড়দের পাশাপাশি বল কিড, আম্পায়ার, লাইন জাজ—সবাই। রবিবার মেলবোর্নে সেই ছবিই আরও একবার সামনে এল, যখন প্রচণ্ড গরমে মাথা ঘুরে কোর্টেই লুটিয়ে পড়লেন এক বল গার্ল। মুহূর্তের মধ্যে থমকে গেল ম্যাচ। তবে সেই অস্বস্তিকর মুহূর্তে মানবিকতা ও সমানুভূতির ছবি মেলে ধরলেন দুই টেনিস তারকা।
হঠাৎ থেমে গেল ম্যাচ, কোর্টেই লুটিয়ে পড়লেন বল গার্ল
ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে। কোর্টে মুখোমুখি তুরস্কের উদীয়মান তারকা জেনেপ সনমেজ (Zeynep Sonmez) এবং রাশিয়ার একাদশ বাছাই একাতেরিনা আলেক্সান্দ্রোভা (Ekaterina Alexandrova)। যিনি দ্বিতীয় সেটে সার্ভ করতে যাচ্ছিলেন। আর ঠিক সেই সময় আম্পায়ারের চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকা বল গার্ল হঠাৎ ভারসাম্য হারিয়ে পেছনে হেলে পড়েন।
A ball girl fainted during the Zeynep Sonmez and Ekaterina Alexandrova match at the Australian Open.
Zeynep immediately went over to help her & walked her off the court.
Compassion. ❤️
pic.twitter.com/FzNQalCyJa— The Tennis Letter (@TheTennisLetter) January 18, 2026
মুহূর্তের মধ্যে বোঝা যায়, তীব্র গরমে বিপত্তি। খেলা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। র্যাকেট হাতে দ্রুত এগিয়ে যান সনমেজ। দৌড়ে গিয়ে বল গার্লকে দাঁড়াতে সাহায্য করেন, কোনওমতে হাতে ধরে চেয়ারে বসান। অন্যদিকে কোর্টসাইড ফ্রিজ থেকে বরফ এনে দেন আলেক্সান্দ্রোভা। কিছুক্ষণের মধ্যে মেডিক্যাল টিম এসে পরিস্থিতি সামাল দেয়।
হিসেব বলছে, এই সময় কোর্টে তাপমাত্রা ছিল প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের বাস্তব অভিজ্ঞতায়, সূর্যের সরাসরি তাপে অনুভূত গরম আদত উষ্ণতার চেয়ে অনেক বেশি। আয়োজকরাও জানিয়ে রেখেছেন, সামনের দিনগুলোয় তাপমাত্রা ৩৬ ডিগ্রি বা তার বেশি ছুঁতে পারে।
কোর্টে চমক, কেরিয়ারের সেরা জয় সনমেজের
কয়েক মিনিটের বিরতির পর ম্যাচ আবার শুরু হয়। কিন্তু গরম, চাপ আর ঘটনার ধাক্কা—সবকিছুকে ছাপিয়ে যান ২৩ বছরের সনমেজ। তিন সেটের লড়াইয়ে হারান আলেক্সান্দ্রোভাকে। ৭-৫, ৪-৬, ৬-৪ ব্যবধানে। যা তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় জয়।
গত সিজন থেকেই সনমেজ নজর কেড়েছেন। ওপেন যুগে প্রথম তুর্কি খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে পৌঁছে উইম্বলডনে (Wimbledon) গড়েছেন ইতিহাস। মেলবোর্নেও সেই ধারাবাহিকতার ছাপ স্পষ্ট।
যদিও আজ কোর্টের চেয়েও বেশি করে আলোচনায় বাইরের ঘটনা। ম্যাচের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই বল গার্লের পাশে দাঁড়ানোর মুহূর্তের ভিডিও। দেখে অনেকেই লিখেছেন, ‘এই ছবিটাই খেলাধুলোর আসল সৌন্দর্য!’
পরের রাউন্ডে সনমেজের সামনে নয়া চ্যালেঞ্জ। খেলবেন আমেরিকার ওয়াইল্ডকার্ড এন্ট্রি এলিজাবেথ ম্যান্ডলিক (Elizabeth Mandlik) অথবা হাঙ্গেরির আনা বন্ডারের (Anna Bondar) বিরুদ্ধে।