
শেষ আপডেট: 20 June 2018 11:28
দ্য ওয়াল ব্যুরো: আই লিগ নিয়ে বৈঠক শেষ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বৈঠকের শেষে এআইএফএফ জানিয়ে দিল ২০১৮-১৯ মরশুমের আইলিগ শুরু হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে। এবং নিয়মের ক্ষেত্রেও আসছে পরিবর্তন।
এ দিন ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ মরশুম থেকে এশীয় কোটার বিদেশি আর বাধ্যতামূলক নয়। দলগুলি সর্বোচ্চ ৬ জন বিদেশি খেলোয়াড়কে সই করাতে পারবে। আগামী মরশুম থেকে অর্থাৎ ২০১৯-২০’র আই লিগ থেকে তা কমিয়ে করা হবে পাঁচ।
আই লিগের অংশগ্রহণকারী দলগুলির জন্য ৪৫ লক্ষ টাকা ভর্তুকি দেবে ফেডারেশন। প্রতিটি ক্লাবকে সেপ্টেম্বরের মধ্যে নিজেদের মাঠ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে ফেডারেশনের তরফে। এএফসি কাপ চলার সময় বন্ধ থাকবে আই লিগ।
অনূর্ধ্ব ১৩, ১৫ আই লিগের বয়স স্ক্রিনিং-এর জন্য কমিটি গঠনের প্রস্তাব এ দিন ফেডারেশনের সভায় গৃহীত হয়েছে বলে এআইএফএফ সূত্রে জানা গিয়েছে।