
কী বললেন অজয় জাদেজা, দেখে নিন
শেষ আপডেট: 1 March 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তান ক্রিকেট দল ইতিমধ্যে বিদায় নিয়েছে। এরপর আশা করা হচ্ছে, দলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হবে। অনেককে আবার ছাঁটাইও করা হতে পারে। শোনা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদকে সরিয়ে দেওয়া হতে পারে। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে মহম্মদ রিজওয়ানের দল নিউজিল্য়ান্ড এবং ভারতের কাছে হেরে গিয়েছে।
এই পরাজয়ের কারণে পাকিস্তান ক্রিকেট সমর্থকরা কার্যত হতাশায় ভেঙে পড়েছেন। ২৯ বছর পর পাকিস্তানে কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। কিন্তু, টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই আয়োজক দেশকে বিদায় নিতে হয়েছে। এর থেকে বড় অপমান আর কীই বা হতে পারে! যাইহোক, পাকিস্তান ক্রিকেট দলের এই কঠিন সময়ে সমর্থকরা আশা করছেন, কোনও বিদেশি কোচই 'মেন ইন গ্রিন'-এর হাল ফেরাতে পারেন। এই প্রসঙ্গে হাস্যকর মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা।
সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে গিয়েছেন জাদেজা। ওই চ্যানেলে অজয় জাদেজার পাশাপাশি ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে দেখা গিয়েছে ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিসকে। পাকিস্তান ক্রিকেট দলের বিদেশি কোচ প্রসঙ্গে ওয়াসিম আক্রম প্রথমে বলেন, 'এটা এমন একটি পদ, যা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। প্রত্যেকদিন সাংবাদিক বৈঠকের ঝক্কি রয়েছে। আমার মনে হয় না যে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্য়ান পদের জন্য কোনও বিদেশি ক্রিকেটারের সামনে দরজা এই মুহূর্তে খুলে দেবে।' এরপর ওয়াকার ইউনিস প্রাক্তন ভারতীয় ক্রিকেট অজয় জাদেজার দিকে অঙ্গুলি নির্দেশ করেন।
এরপর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বললেন, 'ওয়াসিম ভাইয়ের সন্তান আছে। আমারও আছে।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এই দায়িত্বের দুটো দিক রয়েছে। একটা প্রশাসনিক দিক, আর অন্যটা খেলার দিক। দুটোই আলাদা হতে পারে। বোর্ডের লভ্যাংশ কিংবা স্টেডিয়ামের উন্নতি নিয়ে সাধারণ ক্রিকেট সমর্থকদের কোনও মাথাব্যথা নেই। ক্রিকেট কতটা উন্নত হচ্ছে, সেটাই সকলে দেখতে চায়।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কোয়ালিফাই করে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ২ মার্চ তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্য়াচটা খেলতে নামবে। উল্লেখ্য, এই ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ কিউয়িরাও পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করেছে।