1.png)
গৌতম গম্ভীর
শেষ আপডেট: 28 April 2025 16:37
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম (Pahalgam) সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছিলেন টিম ইন্ডিয়া কোচ গৌতম গম্ভীর (Goutam Gambhir)। এরপরই তাঁকে খুনের হুমকির ইমেল (Death threat email) পাঠানো হয়। যার জেরে দিল্লি পুলিশের দ্বারস্থ হন গৌতি। খোঁজ চলছিল ইমেল হুমকি পাঠানো ব্যক্তির। জানা গিয়েছে অবশেষে গ্রফতার হয়েছে অভিযুক্ত ব্যক্তি। তবে তিনি কোনও পাকিস্তানি নাগরিক নন। তিনি গুজরাটের (Gujrat) বাসিন্দা।
গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম জিগনেশ সিং পারমার (Jignesh Singh Parmar)। অভিযুক্ত আদতে গুজরাটের বাসিন্দা। সে একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র (Engineering Student)। জিগনেশের পরিবারের অবশ্য দাবি, সে মানসিক স্বাস্থ্য সমস্যায় (Mental Health Problem) ভুগছে। পুলিশ তাকে গ্রেফতার (Arrest) করে আরও তদন্ত করে দেখছে ধৃতের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না।
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন জানিয়েছেন, পহেলগামে সন্ত্রাসী হামলার পর গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা করেছিলেন এবং লিখেছিলেন যে, এই হামলার জন্য দায়ীদের মূল্য দিতে হবে। এর পর তিনি দু’টি ইমেল পান যেখানে তাঁকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। ইমেলে আইসিস কাশ্মীরের উল্লেখ ছিল। এরপর গম্ভীর পরিবারের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে ভেবে রাজেন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ এরপর একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে এবং ইমেলের আইপি ঠিকানা পরীক্ষা করতে শুরু করে। তদন্ত চলাকালীন, পুলিশ গুজরাট থেকে অভিযুক্ত জিগনেশ সিং পারমারকে গ্রেফতার করে।
উল্লেখ্য জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তিনি কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির প্রাক্তন সাংসদ। ফলে সন্ত্রাসীদের হিটলিস্টে তাঁর নাম থাকার সম্ভাবনা থেকেই যায়।