কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়। মঞ্চ থেকে তৃণমূল সরকারকে তোপ দাগলেন মোদী, দিলীপ ঘোষ ও মিঠুন চক্রবর্তী।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 14 March 2026 19:46
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়। মঞ্চ থেকে তৃণমূল সরকারকে তোপ দাগলেন মোদী, দিলীপ ঘোষ ও মিঠুন চক্রবর্তী। সারাদিনে ব্রিগেডের মঞ্চে কী কী ঘটল?

আজ অর্থাৎ শনিবার, কলকাতার ব্রিগেড ময়দানে (West Bengal BJP Brigade Rally) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi Rally At Brigade) সভা। শহরের অন্যতম বৃহত্তম সমাবেশস্থলে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা ব্রিগেডে এসেছেন।

নিরাপত্তাজনিত কারণে সভাস্থলে ব্যাগ নিয়ে ঢোকার অনুমতি নেই। এই সিদ্ধান্ত নিয়েই ক্ষোভ প্রকাশ করেন বহু কর্মী-সমর্থক। পুলিশের দাবি, যাঁরা ব্যাগ নিয়ে এসেছেন তাঁদের জন্য আলাদা কাউন্টার রাখা হয়েছে। সেখানে ব্যাগ জমা রেখে সভাস্থলে ঢোকা যাবে। অভিযোগ, ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ - এই নির্দেশ আগে থেকে জানানো হয়নি। ফলে অনেকেই বিষয়টি জানতেন না।

এ রাজ্যে আগের ছটি ভোটমুখী সভার কোনওটিতেই দিলীপ ঘোষকে দেখা যায়নি। অবশেষে সপ্তম সভায়, ব্রিগেডের মঞ্চে দেখা গেল দিলীপ ঘোষকে। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে জমি পড়ে আছে, কিন্তু চাকরি-কারখানা-শিল্প হচ্ছে না। আসলে বাংলার ভাবমূর্তি এমন করেছে তৃণমূল সরকার যে শিল্পপতিরা ভয় আসেন না। বাংলা ছাড়া অন্য রাজ্যে কম সময়ের মধ্যেই শিল্পের কাজ শুরু হয়ে যায়।'

পুলিশ দলদাস, তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওঠ-বস করে। ব্রিগেডের মঞ্চ থেকে ফের এই অভিযোগ করেন মিঠুন চক্রবর্তী। তাঁর হুঁশিয়ারি, ৩০ সেকেন্ডের জন্য পুলিশ নিরপেক্ষ হলে খেলা শেষ করে দেওয়া হবে তৃণমূলের।

মঞ্চ থেকে মোদী বলেন, 'নিজেদের চেয়ার যেতে দেখে এখানকার সরকার ঘাবড়ে গেছে। তাই বিজেপির কর্মী-সমর্থকদের আটকানোর বহু চেষ্টা করেছে। কিন্তু পারেনি। মনে রাখবেন, তৃণমূল আপনাদের আটকাতে পারবে না। যারা অত্যাচার করবে, তাদের ছাড়া হবে না। বেছে বেছে হিসেব নেওয়া হবে।'

ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে এদিন মোদী বলেন, 'তৃণমূল সরকারের শুধু টাকা চাই। কাটমানি না পেলে কোনও কেন্দ্রীয় প্রকল্প চালু হতে দেয় না। তাই বাংলায় উন্নয়নের কাজ থমকে রয়েছে। কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। এটা মোদী গ্যারান্টি।'