
প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় শুটার স্বপ্নীল কুশালে
শেষ আপডেট: 8 October 2024 12:36
দ্য ওয়াল ব্যুরো : ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন। জিতেছেন একাধিক পদকও। সেই তালিকায় নাম রয়েছে টিম ইন্ডিয়ার তারকা শুটার স্বপ্নীল কুশালের।
এবারের প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় করেছেন স্বপ্নীল। কিন্তু, হরিয়ানা সরকার তাঁকে যে পুরস্কার মূল্য দিয়েছে, তা নিয়ে একেবারেই খুশি নয় স্বপ্নীলের পরিবার। প্রসঙ্গত, হরিয়ানা সরকারের পক্ষ থেকে তাঁকে ২ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু, এই আর্থিক অঙ্কে একেবারে খুশি নন স্বপ্নীলের বাবা। তিনি মনে করেন, এর থেকে আরও বেশি টাকা পাওয়া উচিত ছিল তাঁর ছেলের।
উল্লেখ্য, হরিয়ানার কোলাপুর থেকে উঠে এসেছেন স্বপ্নীল কুশালে। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে তিনি ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন তিনি। গত অগাস্ট মাসে স্বপ্নীলের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। ইতিমধ্যে তাঁকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া হয়েছে।
স্বপ্নীলের বাবা সুরেশ কুশালে বললেন, হরিয়ানা সরকার অন্য অ্যাথলিটদের আরও বেশি আর্থিক পুরস্কার দেয়। সেখানে তাঁর ছেলেকে কার্যত বঞ্চিত করা হয়েছে। সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, তাঁর ছেলেকে কমপক্ষে পাঁচ কোটি টাকা দেওয়া উচিত ছিল। পাশাপাশি বেলওয়ারির ছত্রপতি শিবাজি মহারাজ স্পোর্টস কমপ্লেক্সে একটি ফ্ল্যাট দেওয়াও দরকার ছিল। কিন্তু, স্বপ্নীলকে এইসব কিছুই দেওয়া হয়নি।