মহিলাদের এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে ভারত দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ৪-২ গোলে।

ভারত বনাম কোরিয়া
শেষ আপডেট: 11 September 2025 16:21
দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই ভারতীয় পুরুষ দল এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হয়েছে। এবার সেই পথেই হাঁটছে মহিলা দল। মহিলাদের এশিয়া কাপের সুপার ফোর পর্বের (Women’s Hockey Asia Cup Super 4) প্রথম ম্যাচে ভারত দক্ষিণ কোরিয়াকে (India vs South Korea) হারিয়েছে ৪-২ গোলে।
এবার নিয়ে ভারত ছয় ম্যাচ খেলে দক্ষিণ কোরিয়াকে হারাল চারবার। সাত পয়েন্ট নিয়ে পুল বি-তে শীর্ষে থাকা ভারত তাদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে শুরু করল সুপার ফোর পর্ব। উমেন্স ইন ব্লুজের পরবর্তী প্রতিপক্ষ চিন।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে গোলগুলি করেছেন বৈষ্ণবী বিট্টল ফালকে (২ মিনিট), সঙ্গীতা কুমারী (৩৩ মিনিট), লালরেমসিয়ামি (৪০ মিনিট) এবং ঋতুজা দাদাসো পিসাল (৫৯ মিনিট)। কোরিয়ার হয়ে দু’টি গোলই করেছেন ইউজিন কিম (৩৩ এবং ৫৩ মিনিট)।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ভারত শুরুতেই পেনাল্টি কর্নার পায় এবং বৈষ্ণবীর সাহায্যে খাতা খোলে। উদিতার প্রাথমিক প্রচেষ্টা কোরিয়ান গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতে শটে গোল করেন বৈষ্ণবী। সঙ্গীতার ফিল্ড গোলে ভারত তাদের লিড দ্বিগুণ করে। কোরিয়ার ইউজিন গোল করে ব্যাবধান ১-২ করেন। লালরেমসিয়ামির গোলে ভারত এগিয়ে যায় ৩-১ ব্যাবধানে। কিম তাঁর দ্বিতীয় গোল করে স্কোর ২-৩ করলেও ঋতুজার গোলে ভারত তাদের জয় নিশ্চিত করে।
এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারত থাইল্যান্ডকে ১১-০ গোলে পরাজিত করে এবং জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে। এরপর ভারত সিঙ্গাপুরকে ১২-০ গোলে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করে।