গুজরাতের ভদোদরায় এক মহিলা ২০ টাকায় ছ’টি ফুচকার দাবিতে রাস্তায় বসে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা আটকে যায় ট্র্যাফিক, পুলিশ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 19 September 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: ট্র্যাফিক জ্যাম মানেই হয় পুজোর ভিড়, নাহয় মিটিং মিছিল, আর নয়তো কোনও দুর্ঘটনা বা বৃষ্টির দাপটে রাস্তায় জল জমে যাওয়া। কিন্তু গুজরাতের ভদোদরায় এ সপ্তাহে যানজটের কারণ হয়ে দাঁড়াল একেবারেই অপ্রত্যাশিত একটা জিনিস, আমাদের সকলের প্রিয় 'ফুচকা।' কীভাবে?
সুরসাগর লেকের কাছে এক মহিলা ফুচকা খেতে এসেছিলেন। ফুচকার তো একটা নির্দিষ্ট হিসাব আছে। ওই মহিলা হিসাব রাখছিলেন। ফুচকা খাওয়া শেষে তিনি দাবি করেন, টাকায় কম ফুচকা দেওয়া হয়েছে তাঁকে। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন। অভিযোগ, রাস্তার ধারের এক বিক্রেতা তাঁকে ২০ টাকার বিনিময়ে ছ’টি ফুচকার বদলে মাত্র চারটি পরিবেশন করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে মহিলা সরাসরি রাস্তা অবরোধ করেন এবং দাবি তোলেন, বাকি দু’টো ফুচকা না পাওয়া পর্যন্ত সরবেন না।
পথচারীরা এই অদ্ভুত প্রতিবাদের ভিডিও করতে শুরু করেন। এদিকে গাড়িচালকরা মহিলাকে এড়িয়ে সাবধানে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। মুহূর্তে তৈরি হয় যানজট।
A woman went to have panipuri but was served 4 instead of 6 for ₹20.
She objected, sat down on the road in protest, and even broke into tears.
The twist? Kudos to Vadodara Police for stepping in and resolving this pani-filled crisis swiftly!pic.twitter.com/37DYZAOMkd— Kumar Manish (@kumarmanish9) September 19, 2025
পুলিশ পৌঁছনোর পর পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। পুলিশকে সামনে পেয়ে মহিলা কান্নায় ভেঙে পড়েন এবং গলার আওয়াজ আরও বেড়ে যায়। ২০ টাকার বিনিময়ে যেন তাঁকে যেন ছ’টি ফুচকাই পাইয়ে দেওয়া হয়, এই দাবিতে চেঁচামেচি শুরু করেন।
ঘণ্টার পর ঘণ্টা এমন চলতে থাকে। এদিকে বিক্রেতাও ছ'টি ফুচকা দিতে নারাজ। ট্র্যাফিক কার্যত থমকে যায়। শেষমেশ পুলিশ ওই মহিলাকে সরিয়ে নিয়ে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
তবে তিনি সত্যিই তাঁর দাবি করা দু’টি ফুচকা শেষ পর্যন্ত পেয়েছিলেন কি না, তা জানা যায়নি।