
শেষ আপডেট: 16 July 2022 12:43
দ্য ওয়াল ব্যুরো: ফুটবল (Football) আঁকড়ে ঘণ্টার পর ঘণ্টা উত্তাল সমুদ্রের মাঝে কাটিয়ে দিলেন যুবক। গ্রিসের (Greece) সমুদ্রে যেন অলৌকিক কাণ্ড। মিরাকল ছাড়া তাঁর সেখান থেকে বেঁচে ফিরে আসা সম্ভব ছিল না। তবু তিনি ফিরে এসেছেন। ফেরার পর শুনিয়েছেন নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা (Sea)।
যুবকের নাম ইভান। তিনি নর্থ ম্যাসিডোনিয়ার বাসিন্দা। গ্রিসের কাসান্দ্রার মিটি বিচে ঘুরতে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরও এক জন। সমুদ্রে নামার পর হঠাৎই জলের শক্তিশালী কারেন্ট তাঁদের দুজনকেই টেনে নেয়।
যে ফুটবল ইভানের প্রাণ বাঁচিয়েছে, সে ফুটবলের পিছনেও কিন্তু লুকিয়ে আছে অন্য কাহিনি। দিন দশেক আগে অন্য একটি বিচ থেকে সমুদ্রে হারিয়ে গিয়েছিল ওই বলটি। মিটি বিচের থেকে সেই বিচের দূরত্ব ১৩০ কিলোমিটার। ছোটরা খেলতে খেলতে বলটি হাত ছিটকে সমুদ্রে চলে গেছিল, আর ফেরত আসেনি। ১০ দিন আগে হারানো সেই ফুটবলই প্রাণ বাঁচালো ৩০ বছর বয়সি এই যুবকের।
সমুদ্রে জলের স্রোতে ভেসে গিয়েছিলেন ইভান আর তাঁর সঙ্গী। তাঁদের সঙ্গে বাকি যাঁরা ছিলেন, সঙ্গে সঙ্গেই তাঁরা খবর দেন গ্রিসের উপকূলরক্ষী বাহিনীকে। তবে তাঁরা অনেক চেষ্টা করেও কাউকে খুঁজে পাননি।
কীভাবে বেঁচে ফিরলেন ইভান?
তিনি জানিয়েছেন, উত্তাল সমুদ্রের মাঝে পড়ে বাঁচতে পারবেন এমন আশা করেননি। তবে জলে খাবি খেতে খেতে হঠাৎই তিনি দেখতে পান তাঁর দিকেই এগিয়ে আসছে একটা ফুটবল। বলটিতে যদিও পাম্প বেশি ছিল না। তবু মৃত্যুর মুখে সেটাকেও আঁকড়ে ধরেন ইভান। কোনওমতে ফুটবলের উপর ভর দিয়ে জলের বাইরে মাথা তুলে রেখেছিলেন তিনি। সমুদ্রের প্রবল স্রোত তখনও তাঁকে বয়ে নিয়ে যাচ্ছিল আরও গভীরে। ইভান একা একা অপেক্ষা করছিলেন আরও একটি মিরাকলের।
১৮ ঘণ্টা ওই বল আঁকড়েই সমুদ্রের মাঝে ভাসছিলেন যুবক। পরে গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর একটি বিমান তাঁকে দেখতে পায়, সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয় তাঁকে। তবে ইভানের সঙ্গে তাঁর যে সঙ্গী হারিয়ে গিয়েছিলেন, তাঁকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: অন্ধ্রে ফুঁসে উঠেছে গোদাবরী! ব্রিজ টপকে বইছে নদীর জল, দেখুন ভিডিও