
শেষ আপডেট: 3 August 2022 13:21
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে পোষ্য (Pet) রাখার কথা বললে সবার প্রথমে কুকুরের (Dog) কথাই মাথায় আসে বেশিরভাগ মানুষের। তারপরেই আসে বিড়াল (Cat)। পোষ্য হিসাবে সত্যিই এদের জুড়ি মেলা ভার। কিন্তু আপনি কি কখনও এমন কোনও প্রাণীকে পাশে নিয়ে বসে থাকতে চাইবেন, যেটি সাধারণত হিংস্র প্রাণী (Wild Animal) হিসাবেই পরিচিত? যেমন ধরুন, কুমির (Crocodile)? পোষা কুকুর কিংবা বিড়ালের মতোই কেউ কুমিরকে আদর করছে, আর কুমিরটিও দিব্যি চোখ বুজে তা উপভোগ করছে, এমন কি আদৌ ভাবা যায়?
কিন্তু বিপুলা এ পৃথিবীর কতটুকুই বা জানি আমরা? তাই ভাবতে না পারলেও সত্যিই ঘটেছে এমন ঘটনা। তার ভিডিও-ও ভাইরাল (Viral Video) হয়ে গেছে মুহূর্তের মধ্যেই। ১৫ সেকেন্ডের সেই ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে, জলের উপর একটি নৌকার মধ্যে বসে আছেন এক যুবক। তারপরেই জল থেকে মুখ বাড়ায় একটি আস্ত কুমির। তাকে খাবার দিতে গিয়েও কিছুক্ষণ তা না দিয়ে মজার ছলেই কুমিরটিকে উত্যক্ত করেন (Teasing) ওই যুবক। আর ততক্ষণ ওই যুবকের দুই পায়ে নিজের সামনের দুই পা রেখে নিশ্চিন্তে জলের উপর ভেসে ছিল কুমিরটি। তারপরেই অবশ্য কুমিরের হাঁ-মুখে খাবার ছুড়ে দেন ওই ব্যক্তি। আর তা পেয়েই জলে নেমে পড়ে কুমিরটি।
টুইটারে শেয়ার করা সেই ভিডিওর ভিডিওর ক্যাপশনে লেখা, 'এটা কী ধরনের বন্ধুত্ব ভাই?' স্বভাবতই ভিডিও দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা। ৪০ লক্ষেরও বেশি মানুষ এর মধ্যেই দেখে ফেলেছেন সেই ভিডিও। লাইক করেছেন ২৯ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী। অনেকেই রীতিমতো ভয় পেয়েছেন পুরো ঘটনাটি দেখে। একজন তো খানিক মজা করেই লিখেছেন, এবার এই লোকটির প্রস্থেটিক পা লাগবে বলে মনে হচ্ছে।
যদিও, সম্পূর্ণ অন্যরকম মতামতও উঠে এসেছে। অনেকেই জানিয়েছেন, কুমিরের সঙ্গে বন্ধুত্ব নতুন কিছু নয়। কেউ কেউ তো পোষা কুমিরের সঙ্গে নিজেদের একই ধরনের ভিডিও শেয়ার করেছেন। একজন লিখেছেন, জো হেনরি নামে এক মার্কিন ব্যক্তির একটি পোষা কুমির ছিল। ওই ব্যাক্তি জানিয়েছিলেন, কুমিরটিই তাঁকে অবসাদে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল। এরপর পোষ্য কুমিরকে নিয়ে জোয়ের হাঁটতে বেরোনোর একটি ছবিও শেয়ার করেছেন তিনি।
আরেকজন একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, কুমির ভর্তি একটি পুকুরে ঝাঁপ দিচ্ছেন এক ব্যক্তি। তারপর কুমিরগুলিকে হাতে করে চাগিয়ে নিশ্চিন্তে দূরে ছুড়ে দিয়ে পুকুরের মধ্যে দিয়ে নিজের রাস্তা বের করে এগিয়ে যাচ্ছেন তিনি। ভিডিওর ক্যাপশনে ওই ব্যক্তি একটিই ছোট্ট শব্দ লিখেছেন-বন্ধুত্বপূর্ণ।
অন্য এক ব্যক্তির দাবি, জীবজন্তুরা যখন মানুষের আশেপাশে স্বচ্ছন্দ বোধ করে, তখন তাঁরা নিজেদের হিংস্রতা ভুলে যায়।
মঞ্চে বাবা স্নাতকের ডিগ্রি নিচ্ছেন, দর্শকের আসনে মেয়ের উল্লাস! মন ছুঁয়েছে এই ভিডিও