
শেষ আপডেট: 4 April 2024 14:34
দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে শিংওয়ালা বিশালাকার ধূমকেতু! যা আয়তনে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রায় তিনগুণ! তবে কি এবার মহাশূন্যেই গুঁতো খেতে চলেছে নীল গ্রহ?
পৃথিবীর দিকে তীব্র গতিতে ছুটে আসছে সুবিশাল এক ধূমকেতু যাকে বলা হচ্ছে ‘মাদার অব ড্রাগন’। জ্যোতির্বিজ্ঞানীরা এই ধূমকেতুর নাম দিয়েছেন 12P/Pons-Brooks। একে দেখতে এমনই যে মনে হবে ধূমকেতুর মাথায় দুটি শিং রয়েছে। যে কারণে জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম রেখেছেন 'শয়তান ধূমকেতু'।
এর নিউক্লিয়াস পরিমাপ প্রায় ৩০ কিমি জুড়ে । বিশাল এই ধূমকেতু সারা আকাশ আলোয় ভাসিয়ে পৃথিবীর কাছ ঘেঁষে চলে যাবে। বিজ্ঞানীরা এই ধূমকেতুটিকে ক্রায়োভলক্যানিক বলেছেন। যার অর্থ হল ঠান্ডা আগ্নেয়গিরি। ধূমকেতুটি প্রায় ৩০ কিলোমিটার চওড়া। তাঁদের কথায়, কল্পবিজ্ঞানে যে ধরনের মহাকাশযানের উল্লেখ রয়েছে, ধূমকেতুটি কতটা সেই রকম দেখতে। অনেকে আবার একে জনপ্রিয় হলিউড সিনেমা 'স্টার ওয়ার'-র স্পেস শিপ মিলেনিয়াম ফ্যালকনের সঙ্গে তুলনা করেছেন।
পৃথিবীর সঙ্গে সত্য়িই কি ধাক্কা লাগবে 'শয়তান ধূমকেতু'-র? সেই সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ৭০ বছর অন্তর অন্তর এই ধূমকেতু পৃথিবীর দিকে ছিটকে আসে। এরপর ফের ২০৯৫ সালে ফিরে আসতে পারে ‘মাদার অব ড্রাগন’।
বিজ্ঞানীদের অনুমান, কুইপের বেল্ট বা ওরট ক্লাউড (Oort Cloud) থেকে বেরিয়ে মহাশূন্যে ঘুরতে ঘুরতে সৌরমণ্ডলে ঢুকে পড়েছে এই ধূমকেতু (comet)। ব্রহ্মাণ্ডের হিমশীতল এলাকা থেকে তার আগমন। এই ধূমকেতুরা হল সেলিব্রিটি। কালেভদ্রে দেখা দেয়। হুশ করে ভেসে আসে আবার ঠিকানা বদলে চলে যায় কোনও এক অজানার পথে। দূর তারামণ্ডল থেকে পথ হারিয়ে পৃথিবীর সৌরমণ্ডলের ঢুকে পড়ে বহু বছরে হয়ত একবার। যখনই তারা আসে সঙ্গে করে একরাশ বিস্ময় নিয়ে আসে। নাড়িয়ে দিয়ে যায় জ্যোতির্বিজ্ঞানীমহলকে।