
আতিথেয়তার শহর
শেষ আপডেট: 10 December 2024 13:23
দ্য ওয়াল ব্যুরো: এমনিতে পরিচিতি আছে উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে। কিন্তু এই শহর বা এই মহকুমাকে যে আতিথেয়তার শহরও বলা হয় তা অনেকেরই অজানা। শিলিগুড়ি, যে শহরের যাত্রা সরকারিভাবে শুরু হয়েছিল ১৯০৭ সালের ২৫ মে।
ইতিহাস ঘাঁটলে জানতে পারা যায় ১৯০৭ সালের ২৫ মে ব্রিটিশরা কার্শিয়াং থেকে শিলিগুড়িকে আলাদা মহকুমা হিসাবে স্বীকৃতি দেয়। ১৯০৩ সালে তৈরি হয়েছিল শিলিগুড়ি থানা। তার অনেক আগে থেকেই এই শহর ঘিরে কাজকর্ম শুরু হয়েছিল ব্রিটিশদের। কারণ, দার্জিলিংয়ের পাহাড়ে বিনোদন বা অন্য কাজে যেতে হলে পাহাড়ের কোলে শিলিগুড়িকে তৈরি করার প্রয়োজন ছিল।
আর এই পাহাড়ি সৌন্দর্য আর মনোরম পরিবেশ উপভোগ করতেই সারা বছর পর্যটকদের আনাগোনা লেগে থাকে। ভ্রমণপিপাসুসের কথা ভেবে স্বাভাবিকভাবেই এই শহরের ইতিউতি গড়ে উঠেছে হোটেল, রিসোর্ট।
সংখ্যায় এর পরিমাণ হাতের কড় গুনে হিসেব রাখা বেশ মুশকিলের। আর তাই পর্যটকদের আপ্যায়ন থেকে শুরু করে আতিথেয়তায় স্থানীয় সকলেরই একটা অন্যরকম যত্নের ব্যবহার চোখে পড়ে।
বন্ধু-বান্ধব, আত্মীয়দের সঙ্গে কয়েক মিনিট কথা বললেই এই শহরের একটা লালিত আদর কথায় কথায় বেরিয়ে আসে। মোট কথা সব মিলিয়ে ব্যাপক সংখ্যায় হোম স্টে, হোটেল, রেস্তোরাঁ, কটেজ, ডরমিটরি গজিয়ে ওঠায় 'আতিথেয়তার শহর'-এর স্বীকৃতি পেয়েছে শিলিগুড়ি।