
প্যান জিয়াওটিং বিভিন্ন ধরনের ফুড চ্যালেঞ্জের জন্য পরিচিত ছিলেন
শেষ আপডেট: 21 July 2024 17:50
দ্য ওয়াল ব্যুরো: ফুড চ্যালেঞ্জের লাইভ অনুষ্ঠান চলছিল। সেখানেই ১০ ঘণ্টা ধরে খাওয়া-দাওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন ২৪ বছরের তরুণী। আচমকা লাইভ ভিডিওর মাঝেই মৃত্যু হয় তাঁর। অত্যাধিক খাওয়ার জন্যই তরুণী প্রাণ হারান বলে আশঙ্কা চিকিৎসকেরা।
আজকাল সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জনের জন্য অনেকে কত কিছুই না করে। সেইসব ক্যামেরাবন্দি 'কীর্তি' দেদার ভাইরালও নেটদুনিয়ায়। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেও দ্বিধাবোধ করেন না সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা। পছন্দের রিল, ব্লগ বানিয়ে মোটা টাকা উপার্জনের জন্য অকালে প্রাণ গিয়েছে এমন উদাহরণ কম নেই। সম্প্রতি তেমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে চিনে। যেখানে ফুড চ্যালেঞ্জের লাইভ অনুষ্ঠানে অত্যাধিক খাওয়ার জন্য মৃত্যু হয় এক জনপ্রিয় ফুড ব্লগারের। ২৪ বছর বয়সী ওই ব্লগারের মৃত্যুতে হইচই পড়ে গিয়েছে।
প্যান জিয়াওটিং বিভিন্ন ধরনের ফুড চ্যালেঞ্জের জন্য পরিচিত ছিলেন। যার জন্য তাঁকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে খেতে হত। জিয়াওটিং প্রতি চ্যালেঞ্জ ১০ কেজি করে খাবার খেতেন।দীর্ঘদিন এইভাবে চলতে থাকায় তাঁর ওজনও অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়। বাবা-মায়ের বারণ সত্ত্বেও জিয়াওটিং এই খাবার চ্যালেঞ্জের নেশায় আসক্ত ছিলেন। জিয়াওটিং-এর ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, তাঁর পাকস্থলীতে অপাচ্য খাবার ছিল।
জানা গেছে, অনুষ্ঠানটিতে নানা রকম খাবার খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে প্রায় ১০ ঘণ্টা ধরে খেতেন ওই তরুণী । গত ১৪ জুলাই লাইভ চলাকালীনই মারা যান ওই চায়না ইনফ্লুয়েন্সার। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত খাবার হজম হয়নি। ক্রমাগত পেটে অপাচ্য খাবার জমতে জমতেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাটি ১৪ জুলাই ঘটলেও সম্প্রতি চিনের স্থানীয় পোর্টালে সামনে আসে।
আজকাল অতিরিক্ত খাবারের চ্যালেঞ্জ নিয়ে অনেকেই ভিডিও করেন। চিনের এই ঘটনাটি তাঁদের কাছেও একটি সতর্কবার্তাও বটে। তবে এই প্রথম নয়, এর আগেও রিল শ্যুট করতে গিয়ে প্রাণ গিয়েছে এমন ঘটনা সামনে এসেছে।