
শেষ আপডেট: 23 July 2022 07:45
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় একটা কথা আছে, ‘রাখে হরি তো, মারে কে?’ সত্যিই তাই। নাহলে বাসের তলায় পড়েও প্রাণে বাঁচা যায়?
সম্প্রতি টুইটারে (Tweeter) একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মুখোমুখি এগিয়ে আসছে একটা বাস ও একটা বাইক (Bike Accident)। বাসে ধাক্কা লাগার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক আরোহী। বাইক থেকে প্রায় ছিটকে গিয়ে বাইকচালক ঢুকে যান বাসের নীচে। বাসের পিছনের একটি চাকা উঠে যায় বাইক আরোহীর মাথায়। কিন্তু বাঁচিয়ে দিল হেলমেট। বাইক চালকের মাথায় থাকা হেলমেটটা ভেঙে গুঁড়িয়ে যায়। কিন্তু মাথায় এতটুকুও আঘাত লাগে না বাইক চালকের।
এইরকমই আরও একটা ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। একটি ৮ বছরের বাচ্চা সাইকেল চালিয়ে আসছে। আর উল্টোদিক থেকে আসছে একটা বাইক। বাইকের সঙ্গে জোরে ধাক্কা লাগল সাইকেলটার। সাইকেল থেকে ছিটকে গিয়ে বাচ্চাটি পড়ল রাস্তার ধারে। সাইকেলটা পড়ল বাইকের তলায়। সাইকেলটা ভেঙে গেলেও বাচ্চাটির কোনও ক্ষতিই হয়নি। সে বেচারা রাস্তার ধারে দাঁড়িয়ে বোকার মত দেখতে থাকল তার ভাঙা সাইকেলটা।