
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 20 March 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো: ৫০ কোটি টাকা খরচ করে কুকুর কিনলেন বেঙ্গালুরুর ব্যবসায়ী। এ কুকুর যেমন তেমন নয়। বিশ্বে রয়েছে একটি মাত্র। বিরল কুকুরকে দেশে এনে বেজায় খুশি এস সতীশ।
বেঙ্গালুরুতে কুকুরের ব্যবসা করেন সতীশ। কুকুর ভালবাসেন ভীষণ। বিরল প্রজাতির কুকুর আনা এবং তাদের নিজ যত্নে বড় করে তোলা তাঁর নেশা ও পেশা। বিরল প্রজাতি তো হল, কিন্তু এ যে একেবারে নেকড়ে কিনে আনলেন।
হ্যাঁ, নেকড়েই কিনেছেন। দেখতে অবিকল নেকড়ের মতো। আদতে কুকুর। এ হল 'উল্ফডগ।' নেকড়ে ও ককাসিয়ান শেফার্ডের মিক্সড ব্রিড। স্বভাবে অবশ্যই শান্ত নয়। নেকড়ের ও শেফার্ডের তেজ রয়েছে। দেখতে হুবহু নেকড়ের মতো। নাম 'কাডাবমস ওকামি।'
২০২৪-এর ফেব্রুয়ারিতে আমেরিকায় জন্ম কুকুরটির। সেখান থেকে এটিকে ভারতে নিয়ে আসা হয় কয়েক মাস আগে। মাত্র আট মাস বয়সেই ওর ওজন ৭৫ কেজি! প্রতিদিন ৩ কেজি কাঁচা মাংস খায়।
কেন এত দামি এই উল্ফডগ?
ককেশিয়ান শেফার্ড সাধারণত বিশাল আকৃতির একটি কুকুরের প্রজাতি। মূলত পাহারা দেওয়ার কাজ করে। ককেশাস পর্বতমালায় এদের পাওয়া যায়, মূলত গবাদি পশুকে রক্ষা করে। এর সঙ্গেই নেকড়ের ব্রিড করিয়ে উল্ফডগের জন্ম। যা পৃথিবীতে একটিই রয়েছে।
এস সতীশ জানিয়েছেন, 'এটি একেবারেই বিরল একটি জাত। এর আগে এমন কোনও উল্ফডগ বিক্রি হয়নি। আমি কুকুর খুব ভালবাসি এবং বিভিন্ন জাতের কুকুর দেশে আনতে পছন্দ করি। তাই আমি এই উল্ফডগটি ৫০ কোটি টাকা দিয়ে কিনেছি।'
কর্নাটকে এই খবর ছড়িয়ে পড়ার পরই রীতিমতো কৌতুহল তৈরি হয়েছে। অনেকেই সামনে থেকে দেখার আগ্রহ প্রকাশ করেছে।