
অরবিন্দ কেজরিওয়াল - ফাইল চিত্র।
শেষ আপডেট: 21 March 2024 23:29
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই দেশজুড়ে সাত দফা ভোটের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটের সেই প্রস্তুতি পর্বের মাঝেই বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ নাটকীয়ভাবে দিল্লির মুখ্যমন্ত্রী আপের অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি।
ইডির দাবি, আবগারি মামলায় ৯বার সমন এড়ানো এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। আপের তরফে বিজেপির বিরুদ্ধে ইডিকে কাজে লাগিয়ে প্রতিহিংসার অভিযোগ আনা হয়েছে। এবার একই অভিযোগে সরব হল তৃণমূল এবং সিপিএম। কেজরিওয়ালের গ্রেফতারির নিন্দা করার পাশাপাশি ভোট ঘোষণার পর এভাবে গ্রেফতারির জেরে সুষ্ঠু নির্বাচন করা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
টুইটে তৃণমূলের লোকসভার নেতা ডেরেক ও ব্রায়েন লিখেছেন, "আমরা একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। বিশেষ করে যখন ভোট ঘোষণা হয়ে গেছে এবং সব কিছু কমিশনের অধীনে রয়েছে সেখানে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে যদি বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট বিরোধী নেতাদের গ্রেফতার করা হয় তবে আমরা কীভাবে ভারতে সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি? দেশের নির্বাচন কমিশনই যদি স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হয়, তাহলে বিজেপির প্রতিহিংসার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের পাশে কে দাঁড়াবে।"
We vehemently condemn the arrest of Arvind Kejriwal, an elected CM, especially when EC is in charge & MCC is in place. Earlier his administrative powers were snatched through an illegal ordinance. How can we expect fair elections in India if sitting CMs & prominent opposition…
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) March 21, 2024
সিপিএমের কেন্দ্রীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, "অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার না করলে সুবিধা হচ্ছিল না বিজেপির। তাই তাঁকে গ্রেফতার করা হল। এর আগে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সবটাই হচ্ছে বিজেপির অঙ্গুলিহেলনে।"
এই প্রসঙ্গে এরাজ্যে বিজেপি-সিপিএমের আঁতাতের অভিযোগও এনেছেন সুজন। তাঁর অভিযোগ, "বিজেপিকে যারা সাহায্য করে তাঁদের বিরুদ্ধে অনেক বেশি অপরাধ থাকলেও বিজেপিকে সাহায্য করার জন্য তাঁদের সাতখুন মাফ। যেমন পশ্চিমবঙ্গ। এখানকার মুখ্যমন্ত্রীকে রক্ষা করছে বিজেপি।"