
সজল ঘোষ ও তাপস রায় - ফাইল ছবি।
শেষ আপডেট: 26 March 2024 18:35
দ্য ওয়াল ব্যুরো: দেওয়াল লিখন স্পষ্ট ছিল। হলও তাই। উত্তর কলকাতায় লোকসভা আসনে তাঁকে প্রার্থী করা হবে বলে আশায় ছিলেন বিজেপির তরুণ নেতা সজল ঘোষ। কিন্তু ভোটের ঠিক আগে তৃণমূলের পদত্যাগী বিধায়ক তাপস রায়কে বিজেপিতে সামিল করান শুভেন্দু অধিকারীরা। তাপসকে উত্তর কলকাতার লোকসভা আসনে প্রার্থী করা হয়েছে। সজল ঘোষকেও হতাশ করলেন না শুভেন্দু-সুকান্ত। তাঁকে প্রার্থী করা হল বরাহনগর বিধানসভায়। মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেছে বিজেপি। সেখানে প্রার্থী হচ্ছেন ভাস্কর সরকার। তৃণমূলের বিধায়ক ইদ্রিস আলির মৃত্যুর কারণে এই উপনির্বাচন হচ্ছে।
বরাহনগর বিধানসভায় টানা তিনবারের বিধায়ক তাপস রায়। তিনি তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কারণে বরাহনগরে উপনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। লোকসভা ভোটের সপ্তম দফায় অর্থাৎ ১ জুন সেখানে উপনির্বাচন হবে। সেই ভোটে বিজেপির প্রার্থী করা হল সজলকে।
এর উত্তর সহজ। তা হল, কলকাতা উত্তর লোকসভা আসনে প্রার্থী হতে না পারায় সজলের যেন কোনও হতাশা না থাকে। ছাত্র রাজনীতি করার সময় থেকেই সজল উত্তর কলকাতায় দামাল ছেলে বলে পরিচিত। কিছুদিন তৃণমূলে ছিলেন পরে বিজেপিতে যোগ দিয়ে কলকাতা পুরনির্বাচন জিতে কাউন্সিলর হয়েছেন। শুভেন্দুরা এই কারণেই সজলকে বরাহনগরে প্রার্থী করলেন যাতে তাপস রায়কে জেতাতে এই যুবনেতা সমস্ত শক্তি ঢেলে দেন। আবার তাপস রায়েরও দায়িত্ব রইল বরাহনগরে সজলকে জেতানোর।
বরাহনগরে সজল ঘোষের কোন মজবুত ভিত নেই। কিন্তু তাপস তিনবারের বিধায়ক হওয়ায় তাঁর মজবুত ভিত রয়েছে। ফলে বরাহনগরে সজলকে জেতাতে তাপসকে পুরোদস্তুর সময় দিতে হবে।
শুধু সমস্যা একটাই, বরাহনগরের উপনির্বাচন এবং উত্তর কলকাতার লোকসভা ভোট একই দিনে। তাই ভোটের দিনে সজলকে বরাহনগর এবং তাপস রায়কে উত্তর কলকাতায় পড়ে থাকতে হবে। কেউ একে অন্যের কেন্দ্রে দাঁড়িয়ে ভোট করাতে পারবেন না।