
শেষ আপডেট: 2 March 2024 12:11
দ্য ওয়াল ব্যুরো: সেটা ২০২২ সালের জুলাই মাস। পরিচালক লীনা মণিমেকলাইয়ের তথ্যচিত্র ‘কালী’ নিয়ে তৈরি হওয়া বিতর্কে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন কৃষ্ণনগরের তৎকালীন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বলেছিলেন, তাঁর কাছে কালী হলেন মদ-মাংস খান এমন দেবী। কালীকে হিন্দু ধর্মে ইচ্ছেমতো কল্পনা করার অধিকার রয়েছে। মহুয়ার ওই বক্তব্য নিয়ে সে সেময় বিতর্কের ঝড় উঠেছিল।
প্রায় দু'বছরের ব্যবধানে শনিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মোদীর সভা থেকে মহুয়ার ওই মন্তব্য তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মোদীর সভায় সংক্ষিপ্ত ভাষণে শুভেন্দু সরাসরি মহুয়ার নাম উল্লেখ করে জনতাকে বললেন, " মনে আছে তো আমাদের আরাধ্য দেবী মা কালীকে অপমান করেছিলেন মহুয়া মৈত্র। এবারের ভোটে মহুয়ার ওই বক্তব্যের বদলা নিতে হবে ইভিএমে।"
সুকান্ত অবশ্য সরাসরি মহুয়ার নাম উল্লেখ না করে বলেছেন, "এখানকার সাংসদ বলেছিলেন, মা কালী নাকি মদ খান! লিপস্টিক, পাউডারের লোভে সাংসদ নিজের লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেন। তারপরও তাঁকে জেলা সভাপতি করে রেখেছে তৃণমূল।"
এরপরই জনতার উদ্দেশে মহুয়া প্রসঙ্গে সুকান্ত জানতে চান, "ওঁকে হারাবেন তো? প্রধানমন্ত্রী অনেক আশা নিয়ে এসেছেন। আপনারা এখানে পদ্ম ফোটাবেন তো।" সুকান্তর সুরে উপস্থিত জনতা সমস্বরে জবাব দেন, 'হ্যাঁ'। তার কিছু পরে মঞ্চে ভাষণ রাখতে উঠে শুভেন্দুও উপস্থিত সমর্থকদের উদ্দেশে বলেন, "কৃষ্ণনগর আমাদের দেবেন তো!"
ঘটনা হল, পাস ওয়ার্ড কাণ্ডে মহুয়ার সাংসদ পদ বাতিল করেছে সংসদীয় এথিক্স কমিটি। এই মহূর্তে মহুয়া শুধুই তৃণমূলের নদিয়া জেলার সভাপতি। আনুষ্ঠানিকভাবে তৃণমূল এখনও লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে মহুয়াই যে ফের তৃণমূলের প্রার্থী হবেন, তা সম্প্রতি স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পর্যবেক্ষকদের মতে, এদিন মোদীর সভা থেকে মহুয়ার নাম উল্লেখ করে শুভেন্দু-সুকান্তরা পরোক্ষে স্পষ্ট করে দিয়েছেন, ফের এখানে মহুয়াকে তৃণমূল প্রার্থী করলে তা বিজেপির পক্ষে যথেষ্ট চ্যালেঞ্জের হবে। এ ব্যাপারে মহুয়ার অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে দলের রাজ্যস্তরের এক নেতার কথায়, "বিজেপি যে মহুয়া আতঙ্কে ভুগছে, তা ওদের বক্তব্য থেকেইস্পষ্ট।"
মহুয়ার পাশাপাশি সংক্ষিপ্ত ভাষণে সন্দেশখালির অত্যাচারের প্রসঙ্গও টেনে এনেছেন শুভেন্দু-সুকান্ত। তাঁদের কথায়, "মা কালীর অপমান থেকে সন্দেশখালির অত্যাচার, এবারের ভোটে ইভিএমে এর যোগ্য জবাব দিতে হবে।"