
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 30 April 2024 16:11
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় তাঁর রাজত্বে গত এক যুগের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মালদহের দুটি লোকসভা আসনে পরিবর্তনের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হরিশ্চন্দপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আগেরবার (বিধানসভা ভোটে) মালদহ আম আর আমসত্ত্ব দুটোই দিয়েছিল, তাই আমরা সরকার গড়তে পেরেছিলাম। তবে তৃণমূল তৈরি হওয়ার পর থেকে মালদহ জেলায় যে দুটো লোকসভা রয়েছে, তার একটাও আমরা পাইনি।"
এরপরই উপস্থিত জনতার উদ্দেশে মমতা বলেন, " এবার কি আমাদের দেবেন না? আমাদের লড়াই তো দেখেছেন। কীভাবে দিন রাত এক করে লড়়াই করছি কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও গরিব মানুষের হাতে ১০০ দিনের কাজের টাকা দিয়েছি। গঙ্গা ভাঙনেও কেন্দ্র সাহায্য করছে না, সেখানেও আমরা ২১০ কোটি টাকা খরচ করে কাজ করেছি।"
মনে করিয়েছেন,"সিপিএমের অত্যাচারও দেখেছেন। কংগ্রেস আবার ওদের সঙ্গে জোট বেঁধেছে। সেকারণেই বাংলায় কোনও জোট হয়নি।"
মালদহ বলতেই রাজনৈতিক মানচিত্রে উঠে আসে কংগ্রেসের প্রবাদপ্রতিম নেতা প্রয়াত বরকত গনিখান চৌধুরীর নাম। সেখানে কংগ্রেস-সিপিএমকে এক বন্ধনীতে রেখে তৃণমূল নেত্রী বোঝাতে চেয়েছেন, বরকত সাহেবের সেই কংগ্রেস মালদহে এখন আর নেই।
প্রচণ্ড গরমের মাঝেও এদিন মুখ্যমন্ত্রীর সভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যা দেখে রীতিমতো উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মঞ্চে উঠেই বলেন, "তীব্র গরমের মাঝেও মানুষের এত ভিড়! আমি সভা নিয়ে ভাবছি না। ভিড়ের জেরে মানুষ পড়ে যেতে পারে। আমার চিন্তা হচ্ছে।"
দলের নেতৃত্বকে সেদিকে নজর দিতে বলে তৃণমূল নেত্রীর নির্দেশ, এভাবে মানুষ যেন গরমের মধ্যে দাঁড়িয়ে না থাকে, সভায় সকলের বসার ব্যবস্থা করতে হবে।