
ফাইল ছবি
শেষ আপডেট: 29 March 2024 13:23
দ্য ওয়াল ব্যুরো: 'কেজরিওয়াল কো আশীর্বাদ' নামে অভিনব ডিজিটাল প্রচার শুরু করলেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। শুক্রবার দেশের মানুষের কাছে অন্যায়ভাবে তাঁর স্বামীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গ্রেফতারির প্রতিবাদে জনমত গড়ে তুলতে হোয়াটস অ্যাপ প্রচারে নামলেন সুনীতা। স্বামীকে সত্যকার জাতীয়তাবাদী বলে উল্লেখ করে সুনীতা বলেন, গত ৩০ বছর ধরে আমি তাঁর সঙ্গে রয়েছি। উনি দেশের স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক শাসনকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
কেজরির এই কঠিন সময়ে দেশবাসীর কাছে সুনীতা সমর্থনের আর্জি জানিয়েছেন। জনমত যাচাই ও গ্রেফতারির বিরুদ্ধে ডিজিটাল আন্দোলন গড়ে তুলতে সুনীতা একটি হোয়াটস অ্যাপ নম্বর (8297324624) দিয়েছেন। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রীকে গণ-আশীর্বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকে তাদের হেফাজতেই রয়েছেন কেজরি। সে বিষয়টি উল্লেখ করে সুনীতা বলেন, আজ থেকে আমরা একটি কর্মসূচি চালু করছি। এই নম্বরে আপনারা আপনাদের আশীর্বাদ পাঠাবেন। কেজরিওয়াল কো আশীর্বাদ নামে এই হোয়াটস অ্যাপ নম্বরে প্রার্থনা করবেন আমার স্বামীর জন্য।
আম আদমি পার্টির সদস্য হলেও কেজরির স্ত্রী, প্রাক্তন আইআরএস অফিসার সুনীতা কোনওদিনই দলের কোনও পদাধিকারী ছিলেন না। নির্বাচনেও লড়েননি। এমনকী দল পরিচালনাতেও তাঁর কোনও ভূমিকা দেখতে পাওয়া যায়নি। কিন্তু, ২১ মার্চের পর থেকে সুনীতা কেজরিওয়াল জনসমক্ষে চলে আসেন। জেল থেকে পাঠানো স্বামীর বার্তা পড়ে শোনানো থেকে বেশ কয়েকবার মুখ খুলেছেন তিনি।
তিনি আরও বলেন, কেজরির গ্রেফতারির পর থেকে অনেকে আমাকে ফোন করেছেন। অনেকে বলেছেন, ওনার মুক্তির জন্য তাঁরা উপবাস করছেন। এতেই বোঝা যায়, কত মানুষ তাঁকে ভালোবাসেন। তাই এই নম্বরে আপনারা মনের কথা জানান। আপনাদের প্রতিটি শুভকামনা তাঁর কাছে পৌঁছে যাবে। ওনারও ভালো লাগবে। এরজন্য আপনাকে আম আদমি পার্টির লোক হতে হবে তারও কোনও মানে নেই।