
ফাইল ছবি
শেষ আপডেট: 29 March 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী প্রবল হাওয়া উঠতে চলেছে দিল্লির বুক থেকে। ইন্ডিয়া জোটের বিশাল সমাবেশে যোগ দিতে চলেছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডেরেক ও'ব্রায়েন সহ ১৩টি দলের তাবড় নেতৃত্ব। উল্লেখযোগ্য হল, ঝাড়খণ্ডের গ্রেফতার হওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন সমাবেশে ভাষণ দেবেন।
কথা চলছে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গেও। কারণ, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছিল ইন্ডিয়া জোট। কিন্তু, প্রথমে পুলিশ তা নাকচ করে দেয়। শুক্রবার নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ অনুমতি দিয়েছে। প্রাথমিক এই জয়ের পরেই রবিবার, ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে মোদী বিরোধী বিশাল জনসভা।
ইন্ডিয়া জোটের ডাকে এই সভায় নাম দেওয়া হয়েছে, রিমুভ ডিক্টেটরশিপ, সেভ ডেমোক্র্যাসি অর্থাৎ তানাশাহি হটাও, গণতন্ত্র বাঁচাও। এই সমাবেশে ডিএমকে থেকে কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাও উপস্থিত থাকবেন। সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য থেকে ফরওয়ার্ড ব্লকের জি দেবরাজনও ভাষণ দেবেন।
একযোগে সমস্ত বিরোধী দলের অভিযোগ, ভোটের আগে দেশজুড়ে তাদের নিশ্চিহ্ন করতে চক্রান্ত চালাচ্ছে বিজেপি সরকার। বেছে বেছে বিরোধী দলের নেতাদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হচ্ছে। তাঁদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি, সিবিআই এবং আয়কর দফতর। ভোটের প্রচারকাজে বাধা সৃষ্টি করে যখন তখন সমন পাঠিয়ে প্রার্থীদের দিল্লিতে তলব করা হচ্ছে। এর বিরুদ্ধে আওয়াজ তোলা প্রয়োজন।
বিশেষত দিল্লির মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের অন্যতম মুখ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আর চুপ করে বসে থাকা উচিত হবে না। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে তাদের ভোটের প্রচারের টাকা আটকে রাখা হচ্ছে। এসব নিয়ে প্রতিবাদসভার ডাক দেওয়া হয়েছিল রামলীলা ময়দানে।