
Lok Sabha election 2024
শেষ আপডেট: 20 March 2024 14:44
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পরদিন, বুধবার লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল চির-যুযুধান দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম (ডিএমকে) এবং এআইএডিএমকে। তামিলনাড়ুর শাসকদল প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির কন্যা তথা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বোন কানিমোঝি করুণানিধি, টিআর বালু, এ রাজা, দয়ানিধি মারান, তামিঝাচি থঙ্গাপান্ডিয়ান, কলানিধি বীরস্বামী, এস জগৎরক্ষগন এবং কাঠির আনন্দের মতো পুরনো মুখের উপর ভরসা রেখেছে। যদিও ঘোষিত প্রার্থী তালিকায় ১১টি নতুন মুখকেও রেখেছেন স্ট্যালিন।
অন্যদিকে, ডিএমকে-র চিরশত্রু দল তথা রাজ্যের প্রধান বিরোধী শক্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার এডিএমকে নিজেদের জন্য ১৬টি আসন রেখে ৫টি ডিএমডিকে এবং একটি করে আসন পিটি এবং সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়াকে ছেড়েছে। দলের সাধারণ সম্পাদক ই কে পালানিস্বামী বলেন, প্রথম প্রার্থী তালিকায় আমরা নতুন আসা ব্যক্তি এবং বয়সে নবীনদের প্রার্থী করায় অগ্রাধিকার দিয়েছি।
ডিএমকের প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন হল বিতর্কিত নেতা ডিএনভি সেনথিলকুমারের জায়গায় ধর্মপুরী থেকে এ মণিকে টিকিট দেওয়া হয়েছে। প্রার্থী তালিকার অর্ধেকই হলেন নতুন মুখ এবং তাঁদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন। প্রার্থী তালিকার সঙ্গেই এদিন স্ট্যালিন দলের ইস্তাহারও প্রকাশ করেছেন।
নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, পুদুচেরিকে রাজ্যের মর্যাদা প্রদান। রাজ্যপাল নিয়োগে রাজ্যের সঙ্গে আলোচনার আইন প্রণয়ন করা। শ্রীলঙ্কা থেকে শরণার্থী হয়ে আসা তামিলদের নাগরিকত্ব প্রদান। জাতীয় শিক্ষানীতি বাতিল করা। এছাড়াও জাতীয় সড়কের টোল প্লাজা তুলে দেওয়া, সিএএ বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে দল।