
কঙ্গনা রনৌত - ফাইল চিত্র
শেষ আপডেট: 24 March 2024 23:37
দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদীর প্রশংসা এবং সোশাল মিডিয়ায় উগ্র জাতীয়তাবাদী পোস্ট করার জন্য গত কয়েক বছর ধরে সর্বভারতীয় স্তরে অতিপরিচিত মুখ হয়ে উঠেছে অভিনেত্রী কঙ্গনা রনৌত। তাঁর অভিনীত ছবিগুলি নিয়ে ইদানীং যা চর্চা হয় তার চেয়ে ঢের বেশি হয় তাঁর উগ্র পোস্ট নিয়ে। সেই কঙ্গনাকে তাঁর হোমটাউন হিমাচল প্রদেশে লোকসভা ভোটে প্রার্থী করল বিজেপি। হিমাচলের মান্ডি লোকসভা আসনে প্রার্থী করা হয়েছে তাঁকে।
লোকসভা ভোটের জন্য বিজেপি এদিন তাদের পঞ্চম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই তালিকায় তারকা খচিত অন্যতম নাম হল কঙ্গনা রনৌত। এরই পাশাপাশি প্রার্থী করা হয়েছে অরুণ গোভিলকে।
আটের দশকের শেষে দূরদর্শনে রামানন্দ সাগরের রামায়ণ খুবই জনপ্রিয় হয়েছিল। সেই ছবিতে রামের চরিত্র অভিনয় করেছিলেন অরুণ গোভিল। তাঁকে পশ্চিম উত্তরপ্রদেশের মেরঠ লোকসভা আসনে প্রার্থী করেছে বিজেপি।
My beloved Bharat and Bhartiya Janta’s own party, Bharatiya Janta party ( BJP) has always had my unconditional support, today the national leadership of BJP has announced me as their Loksabha candidate from my birth place Himachal Pradesh, Mandi (constituency) I abide by the high…
— Kangana Ranaut (@KanganaTeam) March 24, 2024
বিজেপির এই পঞ্চম তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে যাঁরা বাদ পড়েছেন তাঁরা হলেন বরুণ গান্ধী, প্রাক্তন সেনা প্রধান ভি কে সিং এবং অশ্বিনী চৌবে। রবিবার বিকেলে টুইট করে ভিকে সিং জানিয়ে দেন, তিনি আর লোকসভা ভোটে লড়তে চাইছেন না। তখনই ধরে নেওয়া হয় যে ভিকে সিংকে আর প্রার্থী করবে না বিজেপি।
অন্যদিকে বরুণ গান্ধী গত কয়েক বছর ধরে যেরকম প্রতিবাদী হয়ে উঠেছিলেন, তাতে তাঁর এবার টিকিট পাওয়ার সম্ভাবনা এমনিতেই ক্ষীণ ছিল। বরুনের পরিবর্তে উত্তর প্রদেশের পিলভিট আসনে এবার প্রার্থী করা হচ্ছে কংগ্রেস থেকে আসা নেতা জিতিন প্রসাদকে। গত প্রায় দু’দশকের বেশি সময় ধরে পিলভিট আসন প্রথমে মানেকা গান্ধী ও পরে বরুণ গান্ধীর দখলে ছিল। এবার পিলভিট থেকে সরে যাচ্ছে গান্ধী পরিবারের নাম।