
শেষ আপডেট: 4 April 2024 17:11
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ভোট প্রচারে বর্ধমানের কুড়মুন গ্রামে গিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। গ্রামের শিবতলার ঈশ্বানেশ্বর মন্দিরে পুজো দেন। সদলবলে পুজো দিয়ে তিনি মন্দির চত্বর থেকে বেড়িয়ে যেতেই মন্দির চত্বর জল দিয়ে ধোয়ার কাজ শুরু হয়।
মন্দিরের সেবাইত প্রসেনজিৎ মণ্ডল বলেন, "আমাদের মন্দিরের ভিতরে অর্থাৎ গর্ভগৃহে কারও ঢোকা বারণ। একমাত্র পুরোহিত ছাড়া কেউ ঢুকতে পারে না। কিন্তু দিলীপ ঘোষ লোকজন নিয়ে মন্দিরের ভিতরে ঢোকেন। তাই জল দিয়ে মন্দির ধুয়ে দেওয়া হচ্ছে। পুরোহিতের উচিত ছিল ওঁকে মন্দিরের ভিতরে ঢুকতে বারণ করা। আর দিলীপ ঘোষেরও উচিত ছিল মন্দিরে ঢোকার আগে জিজ্ঞেস করা নেওয়া যে কতটা তিনি যেতে পারবেন। "
সেবাইতের অভিযোগ, দিলীপবাবু কাউকে জিজ্ঞাসা না করে লোকজন নিয়ে একেবারে মন্দিরের ভিতরে ঢুকে যান। তিনি বলেন, "গাজনের সময় সন্ন্যাসীরাও মন্দিরের ভিতরে ঢুকতে পারে না। তাই মন্দিরে জল দিয়ে পরিস্কার করা হল। এই ভাবে মন্দিরে ঢোকা একেবারে অনুচিত।" একই কথা বলেন আর এক সেবাইত সুজন মণ্ডল। তিনি বলেন, "আমাদের মন্দির চত্বর সব সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। হঠাৎ কয়েকজন মিলে মন্দিরে প্রবেশ করেন। তাই মন্দির ধুয়ে পরিষ্কার করা হয়।" এর মধ্যে কোনও রাজনীতি নেই বলেও দাবি করেন তিনি।
কিন্তু প্রশ্ন হল আদৌ কি দিলীপ ঘোষ মন্দিরের ভিতরে অর্থাৎ গর্ভগৃহে প্রবেশ করেছিলেন। যদিও সেবাইতরা দাবি করছেন দিলীপ ঘোষ একেবারে মন্দিরের ভিতরে ঢুকেছিলেন। কিন্তু ছবি তা বলছে না। মন্দিরের পুরোহিতও স্পষ্ট জানান, দিলীপ ঘোষ মন্দিরের ভিতরে ঢুকতে গেলে তিনি বারণ করেন। তারপর তিনি দরজার সামনে দাঁড়িয়ে থেকেই পুজো দেন।
এই নিয়েই শুরু হয়ে গেছে শাসক-বিরোধী তরজা। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "দিলীপ ঘোষ বাংলার গ্রাম্য দেবতার পুজোর রীতিনীতি জানেন না। উনি বেপরোয়া। তাই গাজোয়ারি করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছেন। এটা মারাত্মক অপরাধ। গ্রামের বাসিন্দারা এই ঘটনায় ক্ষুব্ধ।" অন্যদিকে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "দিলীপ ঘোষকে ভারতীয় সংস্কৃতি বা ধর্ম শেখাতে হবে না। উনি সারাজীবন এই নিয়েই আছেন। জীবন উৎসর্গ করেছেন। আর তাছাড়া দিলীপ ঘোষ মন্দিরের গর্ভগৃহে ঢোকেননি। পুরোহিত নিজেই তা বলছেন। এসব ফালতু কথা নিয়ে বাজার গরম করতে চাইছে তৃণমূল।"