
শেষ আপডেট: 12 January 2021 14:01
অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্যযুক্ত খাবারগুলো আমাদের কোষের ক্ষয়ক্ষতি কমাতে যেমন সাহায্য করে, তেমনই শরীরে পুষ্টিও সরবরাহ করে। এগুলো ত্বকে বলিরেখা,ত্বক কুঁচকে যাওয়া, কালো ছাপ ইত্যাদির হাত থেকে রক্ষা করে।
কীভাবে ভাল রাখবেন নিজের ত্বককে ভাবছেন তো? চিন্তা নেই, রইল সহজ উপায়
১. চিনি এড়িয়ে যান
ত্বকের ওপরে বয়সের ছাপকে বেশি করে ফুটিয়ে তোলে চিনি। চিনির জন্যই কোলাজেন ও ইলাস্টিনের ক্ষয় হয়, এরফলেই ত্বকে নানা ধরনের চুলকানি, ফুসকুড়ি হয়। ত্বকের কোমলতা কমে যায়, ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। তাই খাবারের তালিকা থেকে প্রথমেই বাদ দিতে হবে চিনি। চিনির বদলে গুড় বা ফলের মিষ্টি অনেক বেশি উপকারী।
২. ভিটামিন সি
ভিটামিন সি রয়েছে এরকম খাবার নিজের ডায়েটে রাখা খুবই দরকার। বার্ধক্যের ছাপ পড়া থেকে বাঁচাতে মোক্ষম ওষুধ হিসেবে কাজ করে ভিটামিন সি। সকালে জলখাবারের সময়ে লেবু, কমলালেবু, ইত্যাদি খেতে পারেন। কেউ কেউ চাইলে কিউই, টম্যাটো ইত্যাদি দিয়েও স্যালাড বানিয়ে খেতে পারেন, এটা যেমন শরীরের জন্য উপকারী তেমন ভীষণই কার্যকরী স্কিনকেয়ারের জন্যও।
৩. অ্যান্টিঅক্সিড্যান্টযুক্ত খাবার
গাজর, বেলপেপার, গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, এ আর সি যা ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে দেয়। সেই সঙ্গে ত্বককে নিস্তেজ, ফ্যাকাসে হওয়ার হাত থেকেও রক্ষা করে।
৪. মধু
প্রতিদিনের ডায়েটে দইয়ের সঙ্গে মধু খাওয়া শরীর ও ত্বকের জন্য খুবই ভাল। আপনি খাওয়ার পরেও মধু ও দই খেতে পারেন, আবার প্যাক বানিয়ে মুখে লাগাতেও পারেন। চাইলে সকালবেলা হালকা গরম জলে মধু দিয়ে খেতে পারেন।
৫. ধূমপান ত্যাগ করুন
স্মোকিংয়ের জন্য ত্বকের অনেক ক্ষতি হয়। এটা চেহারার অবস্থা খারাপ করে দেয়। অত্যধিক স্মোকিংয়ের ফলে আপনাকে অনেক বেশি বয়স্ক দেখায়। এছাড়াও নিকোটিন কোষে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে দেয় না, তাই ধূমপানের ফলে শরীরের নানা ক্ষতি হয়।
এই পরামর্শগুলো মেনে চললেই কয়েকদিনের মধ্যে আপনিও পেতে পারেন দারুণ উপকারিতা।