
শেষ আপডেট: 3 January 2024 09:54
দ্য ওয়াল ব্যুরো: ধরুন আপনার একজনকে ভাল লাগে। কিন্তু সংসার তো দূর, প্রেমের খরচটুকু বহন করার মতো আর্থিক সামর্থ্য নেই আপনার। এই পরিস্থিতিতে কী করবেন? কীভাবে রাজি করাবেন প্রেয়সীকে? আবার এমনটাও হতে পারে, আপনার এবং স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলেই তাতে নাক গলাচ্ছেন শাশুড়ি মা। তাঁর টিপসের চোটে আপনার সুখের সংসার ভাঙনের মুখে, দাম্পত্য কলহ মেটা তো দূর, আরও বেড়ে যাচ্ছে! এমন অবস্থায় কী করণীয়? সেই উপদেশই দিলেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক ককর। নববর্ষে রীতিমতো 'লাভগুরু' হয়ে উঠেছেন পাক প্রধানমন্ত্রী। সাংসারিক অশান্তি থেকে শুরু করে প্রেমিকাকে পটানোর উপায়, কিংবা বিয়ের 'উপযুক্ত' বয়স, সবকিছু নিয়েই টিপস দিয়েছেন তিনি।
ইংরেজি নতুন বছর পড়তেই দেশের মানুষের উদ্দেশে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ককর। তাতেই এই সংক্রান্ত নানা সমস্যা মেটানোর সহজ রাস্তা বাতলেছেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ৫২ বছরের একজন পুরুষ নিজের পছন্দের মহিলাকে বিয়ে করতে পারবেন কিনা। জবাবে পাক প্রধানমন্ত্রী জানান, অবশ্যই! ৫২ কেন, ৮২ বছর বয়স হলেও পছন্দের মহিলাকে বিয়ে করার ভাবনা ত্যাগ করা উচিত নয়।
অন্য একজন জিজ্ঞাসা করেছিলেন, যদি শাশুড়ি সংসারে ঝামেলা বাড়াতে সিদ্ধহস্ত হন, তাহলে তা সামলানো যাবে কীভাবে। "তাহলে আপনাকে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হতে হবে," জানিয়েছেন ককর।
আবার এমনটাও তো হতে পারে, যেখানে আপনি একজনের প্রেমে পড়েছেন, কিন্তু টাকা পয়সার একেবারে হাঁড়ির হাল। তাহলে প্রেমিকাকে ইমপ্রেস করবেন কীভাবে? সরাসরি না হলেও তারও উত্তর রয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর কাছে। বরং এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়েছেন ককর। তাঁর জবাব, "আমি কোনওদিন কাউকে ইমপ্রেস করার চেষ্টা করিনি। বরং আমিই মুগ্ধ হয়ে যাই।"
তবে এটুকুই নয়। জীবনে এমন পরিস্থিতিও আসতে পারে যেখানে আপনি হয়তো বিদেশে চাকরি পেয়ে গেলেন, কিন্তু তার জন্য ভালবাসার মানুষকে ছেড়ে দিতে হল! প্রেম আর চাকরির দোটানের মাঝে ভালবাসার পাশেই দাঁড়িয়েছেন ককর। পাক প্রধানমন্ত্রী মনে করেন, ভালবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে মানুষ চাকরি পায় নিজের যোগ্যতা অনুযায়ী। তাই চাকরির এই সুযোগ ছেড়ে দিলে হয়তো আবার পছন্দের চাকরি খুঁজে পাওয়া পাবে, কিন্তু ভালবাসার মানুষের হাত ছেড়ে দিলে সেই সুযোগ আর দ্বিতীয়বার নাও দিতে পারে জীবন।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির পর চূড়ান্ত আর্থিক সংকটে থাকা পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শাসকের চেয়ারে বসেছেন আনোয়ার উল হক ককর। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের প্রক্রিয়া দেখভাল করার ভারও তাঁর উপর ন্যস্ত করা হয়েছে।
দেখুন ভিডিও:
