
শেষ আপডেট: 6 January 2024 09:57
দ্য ওয়াল ব্যুরো: আরব সাগরের সোমালিয়া সমুদ্রসীমার কাছে হাইজ্যাক করা বাণিজ্যিক জাহাজটিকে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। নিরাপদে উদ্ধার করা হয়েছে জাহাজে থাকা ১৫জন ভারতীয়-সহ মোট ২১ জনকে।
জলদস্যুদের হাত থেকে কীভাবে নৌবাহিনী হাইজ্যাক করা জাহাজটিকে উদ্ধার করলেন, রোমহর্ষক সেই ভিডিও টুইট করেছে নৌবাহিনী। তাতে দেখা যাচ্ছে, নৌবাহিনীর কমান্ডোরা জাহাজে উঠছেন। তাঁদের অপারেশনের বেশ কিছু মুহূর্তে তুলে ধরা হয়েছে ভিডিওতে।
#IndianNavy’s Swift Response to the Hijacking Attempt of MV Lila Norfolk in the North Arabian Sea.
— SpokespersonNavy (@indiannavy) January 5, 2024
All 21 crew (incl #15Indians) onboard safely evacuated from the citadel.
Sanitisation by MARCOs has confirmed absence of the hijackers.
The attempt of hijacking by the pirates… https://t.co/OvudB0A8VV pic.twitter.com/616q7avNjg
বাহারিনের খলিফা বিন সলমনের দিকে যাচ্ছিল ‘এমভি লিলা নরফোক’ নামের জাহাজটি। সোমালিয়ার ৪৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হাইজ্যাকের ঘটনাটি ঘটেছে। নৌবাহিনী সূত্রের খবর, সোমালিয়ার উপকূলে আচমকা পাঁচ থেকে ছ'জন সশস্ত্র অপহরণকারী বাণিজ্যিক জাহাজে উঠে পড়ে জাহাজটিকে হাইজ্যাক করে।
অপহরণের খবর পাওয়ার পরই উদ্ধারে নামে নৌসেনা। নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই অপহৃত জাহাজের উদ্দেশে রওনা দেয়। একই সঙ্গে নজরদারি শুরু হয় হেলিকপ্টারেও। বিপদ বুঝে জলদস্যুরা পালিয়ে যায়। হাইজ্যাক হওয়া জাহাজটিকে উদ্ধারের অপারেশনে যুক্ত কর্মীদের অভিনন্দন জানিয়েছে নৌবাহিনী।
জানা গেছে, ইজরায়েল হামাস যুদ্ধের পর থেকেই আরব সাগরে জাহাজ হাইজ্যাকের ঘটনা ঘটছে। মাঝেমধ্যেই জলদস্যুদের হামলার মুখোমুখি হতে হচ্ছে। যে কারণে জলপথে সুরক্ষা আরও নিশ্চিত করতে তৎপর হয়েছে নৌবাহিনী। তবে, কারা এই অপহরণ কাণ্ডের পিছনে রয়েছে, তা এখনও নিশ্চিত করে জানায়নি নৌবাহিনী।