
শেষ আপডেট: 15 December 2023 14:19
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে ফের একই সঙ্গে থানা ও সেনা চৌকিতে হামলার ঘটনা ঘটল। শুক্রবার দেশটির আফগান সীমান্ত লাগোয়া দেরা ইসমাইল খান শহরে একটি থানায় এবং অদূরে সেনা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। দু পক্ষের সংঘর্ষে মোট সাতজন নিহত হয়। সরকারিভাবে জানানো হয়েছে নিহতদের দুজন পুলিশ ও দুজন সেনা অফিসার। অন্যদিকে, সেনার গুলিতে তিন জঙ্গি নিহত হয়েছে।
স্থানীয় পুলিশের প্রধান ইফতিকার শাহ জানিয়েছে, আনসার-উল ইসলাম নামে একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।
তবে সংঘর্ষ সেখানেই থেমে থাকেনি। পুলিশ ও সেনা চৌকিতে হামলার ঘটনার পর পাকিস্তান তালিবান নামে একটি গোষ্ঠী আফগান-পাকিস্তান নামে সীমান্তে হামলা চালায়। সব মিলিয়ে ওই এলাকায় পরিস্থিতি অস্থির হয়ে আছে।
তিনদিন আগেই আফগান সীমান্তের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পুলিশের সদর দফতরে জঙ্গীরা হামলা চালিয়ে ২৩ জনকে হত্যা করে।
পাকিস্তানে আগামী মার্চে জাতীয় সংসদ নির্বাচন। দেশ এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ভোটের উত্তাপ বৃদ্ধির সঙ্গেই বাড়ছে জঙ্গি হামলার ঘটনা।