
সলস চিলিমা
শেষ আপডেট: 11 June 2024 16:52
দ্য ওয়াল ব্যুরো: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনার স্মৃতিই আবার ফিরল। বিমান দুর্ঘটনায় এবার মৃত্যু হল মালাবির ভাইস প্রেসিডেন্ট সলস চিলিমার। সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। মঙ্গলবার মালাবির প্রেসিডেন্ট লাজারুস চাকওয়েরা জানিয়ে দিয়েছেন সলস আর বেঁচে নেই।
সোমবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ মালাবির রাজধানী লিলঙ্গে থেকে সেনার বিমানে রওনা দিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট সলস চিলিমা। ওই বিমানে ছিলেন প্রাক্তন ফার্স্ট লেডি শানিল জিম্বিরি সহ মোট ১০ জন যাত্রী। সূত্রের খবর, দৃশ্যমানতা কম থাকায় বিমানটি গন্তব্যস্থলে নামতে পারেনি। এরপর কিছু সময় বাদে খারাপ আবহাওয়ার কারণে বিমানটির সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে বিমানটি কোথায়, কী অবস্থায় রয়েছে তা বোঝা যাচ্ছিল না।
মঙ্গলবার মালাবির প্রেসিডেন্ট জানিয়েছেন, ''বিমানটিকে খুঁজে পাওয়া গেছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বিমানে থাকা কেউই আর বেঁচে নেই।'' নিখোঁজ বিমান খুঁজে পেতে আমেরিকা, ব্রিটেন, নরওয়ে এবং ইজরায়েলের মতো দেশের থেকেও সাহায্য চেয়েছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ছোট দেশ। বড়সড় কোনও দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি, এমনটাই আশঙ্কা ছিল সে দেশের প্রশাসনিক প্রধানদের। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল।
গত মে মাসেই প্রাকৃতিক দুর্যোগের জেরে দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। সেই ঘটনায় তাঁর মৃত্যু হয়েছিল। একইসঙ্গে ওই দুর্ঘটনায় প্রাণ হারান সে দেশের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান। খারাপ আবহাওয়ার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল। এবারও একই ঘটনা ঘটল।