
শেষ আপডেট: 8 November 2023 09:02
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল-গাজা যুদ্ধ ভয়ঙ্কর চেহারা নিয়েছে। এই আবহেই প্যালেস্তিনীয় শ্রমিকদের ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চললেও পেটের দায়ে প্যালেস্তাইন থেকে বহু শ্রমিক ইজরায়েলে এসে কাজ করছিল। তাদেরই এবার দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেই জায়গায় ১ লক্ষ ভারতীয় শ্রমিক নিয়োগের পরিকল্পন ইহুদি রাষ্ট্রের।
ইজরায়েলে হামসের হামলার পর থেকেই বহু শ্রমিক কাজ হারিয়েছিলেন। বাকিদেরও এবার ছেঁটে ফেলতে চায় ইজরায়েল সরকার। মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ইজরায়েলের বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সে দেশের সরকারের কাছে ভারতীয় শ্রমিকদের আনানোর জন্য অনুমতি চাওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও সরকারি ভাবে কোনও কিছু বলা হয়নি।
রিপোর্টে বলা হয়েছে, , ইজরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হাইম ফেইগলিন ভারতীয় শ্রমিকদের নিয়োগ করার জন্য ইজরায়েল সরকারের কাছে অনুমতি চেয়েছে। প্যালেস্তাইন থেকে আসা শ্রমিকদের ছেঁটে প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ ভারতীয় শ্রমিককে চাকরি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি।
সূত্রের খবর, ইজরায়েল সরকার প্রায় ৯০ হাজার প্যালেস্তিনীয় শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করেছে। ইজরায়েলের নির্মাণ শিল্পে মোট শ্রমিকদের মধ্যে প্রায় ২৫ শতাংশ কর্মী প্যালেস্তাইনের। এর মধ্যে আবার ১০ শতাংশ শ্রমিক গাজার বাসিন্দা। স্বাভাবিকভাবেই যু্দ্ধের রেশ পড়েছে দেশের শিল্প-প্রযুক্তিতেও। যুদ্ধ শুরুর পরই ওই শ্রমিকদের ওয়ার্ক পারমিট বাতিল হয়ে যায়। যার ফলে এখন আতান্তরে পড়েছে গোটা দেশের নির্মাণশিল্প। ভারত সরকারের সঙ্গে মধ্যস্থতা সম্ভব হলে প্রায় ১ লাখ শ্রমিকের কর্মসংস্থান সুনিশ্চিত হতে পারে। পরিসংখ্যান বলছে, যুদ্ধের কারণে প্রায় ১ হাজার ভারতীয় ইতিমধ্যে দেশে ফিরেছেন। তবে বিপুল সংখ্যক ভারতীয় এখনও সেখানে কাজ করছে। তবে ইজরায়েল সরকারের ডাকে লক্ষ লক্ষ ভারতীয় শ্রমিক সে দেশে কাজ করতে যাবেন কিনা সে ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।