স্থানীয় মৎস্যজীবীদের নৌকা এবং উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধারকাজে হাত লাগিয়েছে।

শেষ আপডেট: 20 July 2025 22:02
দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে সমুদ্রে চলন্ত একটি যাত্রীবোঝাই ফেরিতে আগুন লেগে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার দুপুর ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ফেরিতে ছিলেন প্রায় ২৮০ জন যাত্রী। এখনও পর্যন্ত ১৫০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও প্রায় ১৩০ জন যাত্রী নিখোঁজ বলে জানিয়েছে প্রশাসন।
পুড়ে যাওয়া জাহাজটির নাম KM Barcelona 5। এটি প্রাদেশিক রাজধানী মানাদো-র উপকূলে চলছিল বলে জানিয়েছেন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (BPBD) তৎপরতা দলের প্রধান দানি রেপি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ফেরিটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা ফেরিটি, সমুদ্রের ওই এলাকা। আতঙ্কিত যাত্রীরা কেউ লাইফ জ্যাকেট পরে, কেউ আবার শিশু কোলে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছেন।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক যাত্রী নিজের মোবাইলে রেকর্ড করছেন। তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে একটি শিশুকে আঁকড়ে ধরে রয়েছেন।
প্রাদেশিক সার্চ অ্যান্ড রেসকিউ দফতরের উচ্চপদস্থ আধিকারিক ভেরি আরিয়ানতো বলেন, “এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। প্রায় ১৫০ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে, স্থানীয় মৎস্যজীবীদের নৌকা এবং উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার করেছে।”
তিনি আরও জানান, দু’টি বড় জাহাজ, কয়েকটি রিজিড ইনফ্ল্যাটেবল বোট (RIB) ও অন্যান্য ভেসেল নামিয়ে নিখোঁজ যাত্রীদের খোঁজ চলছে। উদ্ধারকাজের সুবিধার জন্য পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।