
কানাডায় খলিস্তানপন্থীদের শোভাযাত্রায় মোদীর প্রতিকৃতি।
শেষ আপডেট: 8 May 2024 14:47
দ্য ওয়াল ব্যুরো: এতদিন পাকিস্তানের বিরুদ্ধে যে ভাষায় কথা বলত ভারত, এবার সেই একই সুরে কানাডাকে সতর্ক করে দিল বিদেশমন্ত্রক। কানাডা সরকারকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে ভারত বলেছে, হিংসাকে উৎসবের অঙ্গ করা কিংবা তা মহিমা কীর্তন করা কোনও সভ্য সমাজের কাজ নয়। কানাডার বুকে খলিস্তানি জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়ে নয়াদিল্লির বক্তব্য, গণতান্ত্রিক দেশ যারা আইনের শাসনকে মর্যাদা দেয়, তারা কখনই মতপ্রকাশের স্বাধীনতার নামে কট্টরপন্থীদের আশকারা দেয় না।
কানাডার মালটনে শিখদের নগর কীর্তনে একটি ট্যাবলোকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সেখানে খলিস্তানপন্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারাগারে শৃঙ্খলে বাঁধা বন্দিদশার প্রতিকৃতি বানিয়ে ট্যাবলো বের করে শোভাযাত্রায়। এর জবাবে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, কানাডা সরকারকে অনুরোধ অপরাধী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিকে নিরাপদ আশ্রয় এবং রাজনৈতিক মদত দেওয়া বন্ধ করা হোক।
উল্লেখ্য, খলিস্তানি জঙ্গি নিজ্জর খুনে অভিযুক্ত তিন ভারতীয় যুবককে কয়েকদিন আগেই গ্রেফতার করে কানাডা পুলিশ। তাঁদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি খুনের মামলা দায়ের হয়েছে।
বিদেশ মুখপাত্র জয়সওয়াল বলেন, আপনারা সকলেই জানেন, আমরা বারবার আমাদের উদ্বেগের কথা কানাডা সরকারকে জানিয়েছি। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের নিয়ে পুতুল বানিয়ে শোভাযাত্রা বন্ধ করা হোক। কিন্তু, সেদেশের সরকার বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না।
তিনি বলেন, গতবছর ভারতে আততায়ীদের হাতে নিহত এক প্রধানমন্ত্রীর খুন করার দৃশ্য তুলে ধরা হয়েছিল একটি ট্যাবলোতে। শুধু তাই নয়, কানাডায় কাজ করা ভারতীয় দূতদের ছবি নিয়ে ওরা রাস্তায় বেরয়। এতে তাঁদের প্রাণনাশের ভয় থাকে। তাতেও পদক্ষেপ করে না কানাডা পুলিশ। আমরা কানাডা সরকারকে জানিয়েছি যে, ভারতীয় কূটনীতিকরা যাতে নির্ভয়ে সেদেশে বসবাস ও কাজ করতে পারেন তার দায়িত্ব পালন করতে, বলেন মুখপাত্র জয়সওয়াল।
এপ্রিলের শেষে বৈশাখী উৎসবে শিখদের জমায়েতে ভাষণ দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর ভাষণ চলাকালীনই সমাবেশ থেকে খলিস্তানপন্থী স্লোগান উঠেছিল। তার পরই বিদেশমন্ত্রক নয়াদিল্লিস্থিত কানাডার ডেপুটি হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় সেই ঘটনার।