
ডোনাল্ড ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েলস। ফাইল ছবি।
শেষ আপডেট: 23 April 2024 10:36
দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। এর আগে যৌন সম্পর্কের কথা গোপন রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। তিনি তাঁর ও পারিবারিক সম্মান বজায় রাখতেই নাকি অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিলেন। আবার ওই অর্থের বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তাঁর ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নেন।
আগামী নভেম্বরে হতে চলা প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ট্রাম্প। এই মামলাকে প্রথম থেকেই ‘রাজনৈতিক’ উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করে আসছেন তিনি।
যৌন সম্পর্কের কথা গোপন রাখতে পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার ঘটনা ডোনাল্ড ট্রাম্পের এক ‘নির্ভেজাল নির্বাচনী জালিয়াতি’ ছিল বলে মন্তব্য করেছেন কৌঁসুলিরা। ঘুষ কেলেঙ্কারির ওই ঘটনায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচারের শুনানিতে এ মন্তব্য করেন তাঁরা।
শুনানিতে কৌঁসুলিরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক ষড়যন্ত্র ও যৌন কেলেঙ্কারি লুকানোর অভিযোগ এনেছেন। নিউইয়র্কের আদালতে শুরু হওয়া ঐতিহাসিক এই মামলার বিচারে সোমবার জুরিবোর্ডের সামনে প্রাথমিক আইনি যুক্তিতর্কে (ওপেনিং স্টেটমেন্ট) একজন আইনজীবী বলেন, এটি ছিল নির্বাচনী জালিয়াতি। একেবারে নির্ভেজাল ও সোজাসাপটা।
তবে ট্রাম্পের পক্ষ সমর্থন করে তাঁর আইনজীবী বলেন, প্রাক্তন প্রেসিডেন্ট কোনও অপরাধ করেননি এবং তিনি যা করেছেন, সেটি নির্বাচনকে প্রভাবিত করার কোনও অবৈধ চেষ্টা ছিল না। তিনি নির্দোষ।
এ ঘটনায় দায়ের হওয়া ফৌজদারি মামলায় ১৫ এপ্রিল ট্রাম্পের বিচার শুরু হয়েছে নিউইয়র্কের আদালতে। সেদিন আদালতে হাজিরও হন তিনি। তিনিই প্রথম কোনও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। মামলায় দোষী সাব্যস্ত হলে ৭৭ বছর বয়সি ট্রাম্পের সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারে। তবে জরিমানা দিয়ে তিনি কারাবাস থেকে রেহাই পেতে পারবেন। মামলায় আনা অভিযোগ অবশ্য গোড়া থেকেই অস্বীকার করে আসছেন ট্রাম্প।