সম্প্রতি টাইম ম্যাগাজিনের (Time Magazine) কভারে ছাপা নিজের একটি ছবি নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ — ছবিতে এমনভাবে এডিট করা হয়েছে যে মাথার উপরের চুলই যেন ‘উধাও’।

শেষ আপডেট: 14 October 2025 20:55
দ্য ওয়াল ব্যুরো: নিজের ছবি দেখে কার্যত চটে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । সম্প্রতি টাইম ম্যাগাজিনের (Time Magazine) কভারে ছাপা নিজের একটি ছবি নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ — ছবিতে এমনভাবে এডিট করা হয়েছে যে মাথার উপরের চুলই যেন ‘উধাও’।
ট্রাম্প লিখেছেন, “ওরা আমার চুলটাই গায়েব করে দিয়েছে! আর মাথার ওপরে এমন একটা জিনিস বসিয়েছে, যেন ভাসমান মুকুট — কিন্তু সেটাও খুব ছোট্ট। ভীষণ অদ্ভুত! নিচ থেকে তোলা ছবি আমি কোনওদিনই পছন্দ করিনি, আর এই ছবিটা তো ইতিহাসের সব থেকে খারাপ ছবি।” তিনি আরও যোগ করেন, “গল্পটা যদিও মোটামুটি ভালো, কিন্তু ছবিটার জন্য পুরো বিষয়টাই নষ্ট হয়ে গেল। এরা আসলে করছে কী?”
এটাই প্রথম নয়, আগেও টাইম ম্যাগাজিনকে আক্রমণ করেছিলেন ট্রাম্প। চলতি বছরের ফেব্রুয়ারিতেও টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি ছবিকে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। সেখানে দেখা গিয়েছিল ইলন মাস্ককে ওভাল অফিসের রেজলিউট ডেস্কে বসে থাকতে। সেই সময়ে ট্রাম্প বলেছিলেন, “টাইম ম্যাগাজিন এখনও চালু আছে নাকি, জানতামই না।”
গাজা যুদ্ধবিরতি নিয়ে সাফল্যের পটভূমিতে বিতর্ক টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক কভারের শিরোনাম ছিল হিজ ট্রায়াম্ফ (His Triumph)। কারণ, গাজা যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির চুক্তি বাস্তবায়নে বড় ভূমিকা রাখার জন্য এই সময় ট্রাম্পকে কৃতিত্ব দেওয়া হচ্ছে। সোমবার ২০ জন ইজরায়েলি পণ বন্দিকে মুক্তি দেওয়া হয়। পাল্টা ইজরায়েল ছেড়ে দেয় প্রায় ২০০০ জন প্যালেস্টাইন বন্দি ও প্রায় ৩৬০ জন প্যালেস্টাইনি নিহতের দেহাবশেষ। এই প্রেক্ষাপটেই প্রকাশিত হয় সেই বহুল বিতর্কিত ছবি— যা নিয়ে এখন সরগরম মার্কিন রাজনীতি ও সোশ্যাল মিডিয়া।