
ফ্রেঞ্চ ফ্রাই বানালেন ট্রাম্প - ফাইল ছবি
শেষ আপডেট: 21 October 2024 09:05
দ্য ওয়াল ব্যুরো: বেশি সময় বাকি নেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের। তার আগে দুই প্রতিদ্বন্দ্বী স্বাভাবিকভাবে লাগাতার প্রচারে ব্যস্ত। ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের লড়াইয়ে কে শেষ হাসি হাসেন তা দেখার জন্য মুখিয়ে বিশ্ব। ফলাফল যাই হোক, ভোটের আগের প্রচারে হ্যারিসকে পিছনে ফেলার কোনও চেষ্টা বাকি রাখছেন না ট্রাম্প। জনসভা, বক্তব্য রাখা ছেড়ে এবার তিনি হলেন 'শেফ'!
ম্যাকডোনাল্ডস-এ ফ্রেঞ্চ ফ্রাই বানাতে দেখা গেল ডোনাল্ড ট্রাম্পকে! রবিবার পেনসিলভ্যানিয়ায় ট্রাম্পের এই রূপ দেখে অনেকেই অবাক হলেন। ম্যাকডোনাল্ডস-এর শেফের লুক নিয়েছেন তিনি। গায়ে হলদে অ্যাপ্রন পরে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছেন, সাধারণ মানুষকে পার্সেল বিলি করছেন আবার কিচেনে অন্য কর্মীর থেকে কাজকর্মও শিখছেন। এক ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, ''এই কাজ আমি সারাদিন করতে পারি। আসলে আমার এই কাজ করতে ভাল লাগছে। এটাই করতে চেয়েছিলাম জীবনে।''
ভোট প্রচারে কমলা হ্যারিসকে বারবার বলতে শোনা গেছে তাঁর 'মধ্যবিত্ত' জীবনযাত্রার কথা। তিনি অনেক সময় এও বলেছেন, প্রথম জীবনে ম্যাকডোনাল্ডস-এ কাজ করেছেন তিনি। যদিও ট্রাম্প দাবি করেন এই কথা একদম মিথ্যে। কমলা কোনও দিনই ম্যাকডোনাল্ডস-এ কাজ করেননি। আর এবার তিনি নিজে সেখানে কিছুক্ষণ 'কাজ' করে হ্যারিসকে কটাক্ষ করে বলেন, ''কমলার থেকে ১৫ মিনিট বেশি কাজ করেছি!''
সদ্যই ৬০ বছরে পা দিয়েছেন কমলা হ্যারিস। তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানাতে দেখা যায় ট্রাম্পকে। এক সাংবাদিকের প্রশ্নের উত্তর তিনি বলেন, ''আমি ওঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। হয়তো ফুলও পাঠাব।'' তবে ম্যাকডোনাল্ডস নিয়ে তাঁকে টিপ্পুনি কাটতে ছাড়েননি ট্রাম্প। স্পষ্ট দাবি, ''কমলা নিজের সিভিতে লিখে রেখেছে ও নাকি ম্যাকডোনাল্ডস-এ কাজ করত। ও ফ্রাই বানাতেই পারে না। আমি তো দেখলাম কী কষ্টকর কাজ। ও সম্পূর্ণ মিথ্যে কথা বলে চলেছে।'' আসন্ন নির্বাচনে জয় নিয়েও আত্মবিশ্বাসী ট্রাম্প। তাঁর কথায়, তাঁকে দেখে সকলে আশাবাদী হচ্ছে, মানুষ আবার আশা ফিরে পাচ্ছে। বদল হবেই।