
প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 April 2025 14:27
দ্য ওয়াল ব্যুরো: পরতে পরতে পারদ চড়ছে চিন-আমেরিকা শুল্কযুদ্ধের। চিনা পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বমোট ১৪৫ শতাংশ শুল্ক চাপানোর একদিন পর শুক্রবার বেজিং আমেরিকার উপর শুল্কবৃদ্ধির পরিমাণ করল ১২৫ শতাংশ। এদিন চিনের অর্থ মন্ত্রক মার্কিন পণ্যে অতিরিক্ত ৮৪ শতাংশ শুল্ক বৃদ্ধি করায় মোট কার্যকরী পরিমাণ দাঁড়াল ১২৫ শতাংশ।
চিনা অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, চিনের উপর অস্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক চাপিয়ে চলেছে। যা আন্তর্জাতিক এবং অর্থনৈতিক বাণিজ্য বিধিকে ভঙ্গ করে। ন্যূনতম আর্থিক আইন এবং সাধারণ জ্ঞানের অভাবের দরুন একতরফা কোনও একটি দেশকে অপদস্থ করার চেষ্টা ও প্রতিশোধমূলক দৃষ্টিভঙ্গি বলে মনে করে কমিউনিস্ট চিন।
শুক্রবারও চিনের অর্থ মন্ত্রক ফের একবার বলে, যদি আমেরিকা এভাবে চিনের স্বার্থ বিঘ্নকারী পদক্ষেপ নিতেই থাকে, তাহলে আমরাও পাল্টা পদক্ষেপ করে যাব এবং এর শেষ দেখে ছাড়ব।
এর আগে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউরোপীয় ইউনিয়নের কাছে আর্জি জানিয়ে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা চাপ সৃষ্টিকারী শুল্কনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চিনের সঙ্গে যেন তারা হাত মেলায়। কারণ ট্রাম্পের এই নীতিতে বিশ্ব বাজারে আতঙ্ক তৈরি হয়ে তা আর্থিক কসাইখানায় পরিণত হতে চলেছে। চিন এবং ইউরোপের উচিত আন্তর্জাতিক দায়বদ্ধতা পূরণ করা ও যৌথভাবে এই স্বেচ্ছাচারী অভ্যাসকে প্রতিহত করা, বলেছেন জিনপিং।