সন্দেহভাজন নিহত হয়েছেন নাকি গুরুতর আহত অবস্থায় রয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

শেষ আপডেট: 14 December 2025 22:56
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার সিডনি (Sydney)-তে বন্ডি বিচে এলোপাথাড়ি গুলি চলার ঘটনায় (Bondi Beach shooting) সামনে এল বড় তথ্য। রবিবার সেখানে চলা হানুকা উৎসব চলাকালীন আচমকা গুলিবর্ষণে প্রাণ হারান অন্তত ১১ জন। ঘটনায় জড়িত দুই বন্দুকবাজের মধ্যে একজন গুলিতে নিহত, অপরজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানিয়েছে পুলিশ (Sydney mass shooting police update)।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ABC News-এর প্রতিবেদন অনুযায়ী, দুই সন্দেহভাজনের (Bondi Beach shooting Sydney suspect identified) মধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ওই ব্যক্তির নাম নাভিদ আক্রম (Naveed Akram)। তবে তিনি নিহত হয়েছেন নাকি গুরুতর আহত অবস্থায় রয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
জানা যাচ্ছে, সিডনির আল-মুরাদ ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন নাভিদ। তদন্তকারীদের হাতে এসেছে তাঁর একাধিক ছবি, যার মধ্যে পাকিস্তান ক্রিকেট দলের জার্সি পরা একটি ছবিও রয়েছে। সেই ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট-ও নাভিদকে পাকিস্তানি বলে উল্লেখ করেছে। বিভিন্ন সূত্র মিলিয়ে তাঁর পরিচয় ও অতীত খতিয়ে দেখছে অস্ট্রেলিয়ার তদন্তকারী সংস্থাগুলি।
হামলার জায়গা থেকে বিস্ফোরক উদ্ধারের দাবি
পুলিশ জানিয়েছে, বন্ডি বিচে হামলার স্থল থেকে একটি গাড়ির ভিতরে বিস্ফোরক পাওয়া গিয়েছে। পাশাপাশি, আশপাশের এলাকায় বেশ কিছু সন্দেহজনক বস্তু খতিয়ে দেখা হচ্ছে। পুরো এলাকা ঘিরে রেখে চলছে তল্লাশি ও ফরেনসিক পরীক্ষা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার পরপরই নিউ সাউথ ওয়েলসের বনিরিগে (Bonnyrigg) এলাকায় অবস্থিত নাভিদ আক্রমের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
সন্দেহভাজনদের নিয়ে পুলিশ কী বলছে?
নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার মাল ল্যানিয়ন জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে একজন আগে থেকেই পুলিশের নজরে ছিল। তবে তিনি স্পষ্ট করে বলেন, “এই ব্যক্তির সম্পর্কে পুলিশের কাছে খুব সামান্য তথ্য ছিল। এমন কেউ নন, যাঁকে এই মুহূর্তে আমরা স্বাভাবিকভাবে নজরদারির তালিকায় রাখতাম।”
তাঁর বক্তব্য অনুযায়ী, হামলাকারী পরিচিত হলেও তাৎক্ষণিক হুমকি হিসেবে তাকে দেখা হয়নি।
গুজব নিয়ে সতর্কবার্তা
ঘটনার পর থেকেই ইন্টারনেটে নাভিদ আক্রমের জাতীয়তা ও সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘিরে নানা দাবি ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষিতে পুলিশ কড়া অবস্থান নিয়েছে।
পুলিশের কমিশনার এও জানিয়েছেন যে, “এই ঘটনার তদন্তে কোনও দিক বাদ দেওয়া হবে না। তবে আমরা এই মুহূর্তে হামলাকারীদের বিষয়ে কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করব না। এখন প্রতিশোধের সময় নয়। পুলিশের কাজ করতে দেওয়ার সময়।”
তৃতীয় বন্দুকবাজের আশঙ্কা?
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় তৃতীয় কোনও বন্দুকবাজ জড়িত থাকতে পারে, এমন সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত চলাকালীন থাকায় এখনও সেই তথ্য নিশ্চিত করা যাচ্ছে না।
গোয়েন্দা সংস্থার তদন্ত শুরু
অস্ট্রেলিয়ার শীর্ষ গোয়েন্দা সংস্থা ASIO (Australian Security Intelligence Organisation)-এর প্রধান মাইক বার্জেস জানিয়েছেন, হামলাকারীদের পরিচয় এবং সমাজে তাঁদের মতো একই উদ্দেশ্য নিয়ে আর কেউ সক্রিয় আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
হামলাকারীদের কেউ ASIO-এর নজরদারি তালিকায় ছিল কিনা - এই প্রশ্নে বার্জেস বলেন, “এই দু’জনের মধ্যে একজন আমাদের কাছে পরিচিত ছিল। তবে তাৎক্ষণিক বিপদের দৃষ্টিকোণ থেকে নয়। তাই এখানে ঠিক কী ঘটেছে, তা আমাদের খতিয়ে দেখতে হবে।”
বন্ডি বিচের এই রক্তাক্ত ঘটনায় অস্ট্রেলিয়া জুড়ে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য - আর তার দিকেই তাকিয়ে গোটা দেশ।