
প্রতীকী ছবি
শেষ আপডেট: 28 April 2025 17:10
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ৭ জনের মৃত্যু ও ১৬ জন মারাত্মকভাবে জখম হয়েছেন। পাকিস্তানি তালিবানের বিরোধী বলে পরিচিত একটি শান্তি কমিটির স্থানীয় কার্যালয়ে কেউ বা কারা বোমা ছুড়ে পালিয়ে যায়। প্রসঙ্গত, গত তিনদিন বালুচিস্তান এলাকায় আফগানিস্তান সীমান্তে পাক বাহিনীর অভিযানে ৭০-এরও বেশি বিদ্রোহীর মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণের দায় কেউ এখনও স্বীকার করেনি।
পুলিশ জানিয়েছে, পাক-আফগান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়ানা এলাকায় একটি কার্যালয়ে শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। ওয়ানা হল দক্ষিণ ওয়াজিরিস্তানের সদর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখম অবস্থায় যাঁদের আনা হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্র আরও জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, শান্তি কমিটির অফিসের বাড়িটি ভেঙে পড়ে। কয়েকজন তার নীচে আটকে পড়ে যান। স্থানীয়রাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান।