এ যেন গোপনীয়তায় মোড়া এক রূপকথার বিয়ে।

অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং সাংবাদিক লরেন স্যানচেজে।
শেষ আপডেট: 28 June 2025 09:19
দ্য ওয়াল ব্যুরো: এ যেন গোপনীয়তায় মোড়া এক রূপকথার বিয়ে। অ্যামাজন (Amazon) প্রতিষ্ঠাতা জেফ বেজোস (Jef Bezos) এবং সাংবাদিক লরেন স্যানচেজের তিন দিন ধরে বিয়ের উৎসব শেষ হল শুক্রবার। ইতালির ভেনিসে ঐতিহাসিক ও নিভৃত সান জর্জিও মাজিওরে দ্বীপে এক ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সারলেন ৬১ বছরের বেজোস।
অনুষ্ঠানে অতিথি তালিকায় ছিলেন বিশ্বখ্যাত তারকারা—কার্দাশিয়ান-জেনার পরিবার, বিল গেটস, কার্লি ক্লস, ওপ্রাহ উইনফ্রে, উশার, টম ব্র্যাডি, লিওনার্দো ডিক্যাপ্রিওসহ বহু তারকা। এঁরা সবাই হোটেল থেকে ওয়াটার ট্যাক্সি করে দ্বীপে পৌঁছন, কিন্তু এর পর থেকে যেন এক অলিখিত ‘সোশ্যাল মিডিয়া ব্ল্যাকআউট’ অনুসরণ করা হয়—কারও ছবি বা পোস্ট চোখে পড়েনি।
ফ্যাশনের রাজত্বে সানচেজের গ্ল্যামার
অনুষ্ঠান শেষ হতেই ভোগ (Vogue) ডিজিটাল কভারে প্রকাশ পায় লরেন স্যানচেজের বিয়ের গাউন। এক বছর ছয় মাস ধরে ডিজাইন করা ডলশে অ্যান্ড গাবানার (Dolce & Gabbana) কাস্টম গাউনে তিনি ছিলেন এক কথায় নজরকাড়া। ১৮০টি সিল্ক শিফন বাটন ছিল সেই লেস-কর্সেটেড গাউনের সামনের অংশে। এরপর রাতের ডিনারের জন্য তিনি পরেন গিল্ডা (Gilda) সিনেমা অনুপ্রাণিত সুইটহার্ট নেকলাইন গাউন এবং পরে এক ঝলমলে ককটেল ড্রেস—যাতে ছিল ১,৭৫,০০০ ক্রিস্টালের কাজ। যেটি ডিজাইন করেছেন অস্কার ডি লা রেঁতা (Oscar de la Renta)।
লরেন ও বেজোসের বিয়ের স্থান হিসেবে সান জর্জিও দ্বীপ বেছে নেওয়ার অন্যতম কারণ সম্ভবত ছিল গোপনীয়তা রক্ষা। ভেনিস শহরে বেজোসের এই বিয়ে নিয়ে ক্ষোভ বিক্ষোভও ছিল। তার জেরেই নাকি শেষ মুহূর্তে অনুষ্ঠানস্থল বদলাতে হয়। শহরের পর্যটন দফতর জানিয়েছে, এই এক সপ্তাহের আয়োজনে ভেনিসে বার্ষিক পর্যটন আয়ের ৬৮% বেড়ে গেছে। তবে স্থানীয় বাসিন্দারা একে ‘ধনীদের দখলদারি’ বলেই বিক্ষোভ জানাচ্ছেন।
কবে আইনত বিয়ে, জানা যায়নি
এই জমকালো আয়োজনে জেফ বেজোস ও লরেন স্যানচেজ সম্ভবত প্রতীকীভাবে আংটি বদল করেছেন। তবে তাঁরা আগে থেকেই যুক্তরাষ্ট্রে আইনি বিয়ে সেরে ফেলেছেন কিনা, তা স্পষ্ট নয়। ভেনিসের মেয়র দফতর সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছে, তাদের কাছে কোনও সরকারি বিবাহ আবেদন জমা পড়েনি। ফলে এই অনুষ্ঠান নিছক এক ‘সেলিব্রেশন’ হিসেবেই দেখা হচ্ছে। তবে বিয়ের পরেই লরেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম বদলে রাখেন লরেন স্যানচেজ বেজোস।
ভেনিসজুড়ে ছিল ফ্যাশনের দাপট ও তারকাদের মিছিল
লরেনে বিয়ের দিন সকালে হাজির হন হোয়াইট ডিওরের স্কার্ট স্যুট, টম ফোর্ড সানগ্লাস পরে। জিমি চু হিল পরে তিনি পাপারাজ্জিদের উদ্দেশে চুমু ছুড়ে দেন। অন্যদিকে অতিথিদের মধ্যে কেউ এসেছেন রোবার্তো কাভালি (Roberto Cavalli), কেউ ভারসাচে (Versace), কেউ অস্কার ডি লা রেঁতার (Oscar de la Renta) ভিনটেজ পোশাকে। কিলি জেনার ছিলেন ব্লু লেস-আপ করসেট গাউনে, কিম কার্দাশিয়ান টোফি রঙের স্লিক গাউনে, আর ওপ্রাহ উইনফ্রি পরেছিলেন পিঙ্ক মারমেইড শেইপড ড্রেপড পোশাক।
গায়ক, নৃত্য, এবং গোপন পার্টি
বিয়ের রাতে ইতালির বিখ্যাত গায়ক আন্দ্রেয়া বোচেল্লির ছেলে ম্যাটিও বোচেল্লি ‘কান্ট হেল্প ফলিং ইন লাভ’ (Can’t Help Falling in Love) গেয়ে শুরু করেন অনুষ্ঠান। অনুষ্ঠানে লেডি গাগারও পারফর্ম করার কথা ছিল। চুম্বকে এ অনুষ্ঠান ছিল এক ধনকুবেরের বিয়েতে গ্ল্যামার, গোপনীয়তা, ফ্যাশনের ত্র্যহস্পর্শ।