
বিশেষ বিমানে দেশে ফিরছেন ভারতীয়রা।
শেষ আপডেট: 11 December 2024 08:15
দ্য ওয়াল ব্যুরো: গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত সিরিয়া। বাশার-শাসনের পতনের পরে বিদ্রোহী জনগোষ্ঠী এইচটিএস-এর গত কয়েকদিনের তীব্র আক্রমণ ও অশান্তির ছবি (Syria Clash) বারবারই সামনে আসছে। এরই মধ্যে কর্মসূত্রে সিরিয়ায় থাকা ৭৫জন ভারতীয়কে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করল বিদেশ মন্ত্রক।
মঙ্গলবার রাতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সিরিয়া থেকে ৭৫জন ভারতীয়কে নিরাপদে বাণিজ্যিক বিমানে করে দেশে ফেরানো হচ্ছে। ইতিমধ্যে সিরিয়ার সাইদা জানাব থেকে তাঁদের সীমান্ত পার করে লেবাননে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বাণিজ্যিক বিমানে দেশে ফেরানো হচ্ছে। সূত্রের খবর, উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে ৪৪জন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।
বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, সিরিয়ার পরিস্থিতির দিকে আগে থেকেই নজর রাখা হচ্ছিল। ইতিমধ্যে ৭৫ জন ভারতীয়কে সিরিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁরা লেবাননে পাড়ি দিয়েছেন এবং বাণিজ্যিক ফ্লাইটে ভারতে ফিরে আসবেন।
বস্তুত, কর্মসূত্রে বহু ভারতীয় সিরিয়ায় বসবাস করেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পরিস্থিতি বিবেচনা করে এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছিল, যাদের সামর্থ্য রয়েছে তাঁরা এখনই বিমান ধরে সিরিয়া থেকে দেশে ফিরুন। আর যাঁরা এখনই বিমানে করে ফেরার মতো অবস্থায় নেই, তাঁরা নিজেদের গতিবিধি নিয়ন্ত্রণে করে প্রতি মুহূর্তে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন।
এ ব্যাপারে আটকে থাকা ভারতীয়দের সহায়তায় বিদেশ মন্ত্রকের তরফে একটি হেল্পলাইন নম্বর (+963 993385973) এবং ইমেল আইডি hoc.damascus@mea.gov.in শেয়ার করেছিল। যেকোনও সমস্যায় সেদেশে থাকা ভারতীয়দের দূতাবাসের এই নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। এরপরই আটকে থাকা ভারতীয়দের এক জায়গায় এনে দেশে ফেরানোর ব্যবস্থা করা হল।
বস্তুত, গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত সিরিয়ায় এখন টালমাটাল অবস্থা। বিদ্রোহের জেরে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাজধানী দামাস্কাস সহ একাধিক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা।