.webp)
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বেঞ্জামিন নেতানিয়াহু - ফাইল চিত্র ।
শেষ আপডেট: 14 April 2024 12:11
দ্য ওয়াল ব্যুরো: ইরানকে পাল্টা জবাব দিতে তৈরি হচ্ছে ইজরায়েল ও আমেরিকা। শনিবার মাঝরাতে ইজরায়েলের উপর ইরানের ক্ষেপনাস্ত্র হামলা চলাকালেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার আগে নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠক করেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ইরানকে জবাব দেওয়ার বিষয়ে কথা হয়।
যদিও ইজরায়েলি সেনা বাহিনী দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা কার্যত ব্যর্থ হয়েছে। অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে তারা। সেই সঙ্গে তারা স্বীকার করেছে দক্ষিণ ইজরায়েলের একটি সামরিক ঘাঁটির উপর হামলা আটকানো যায়নি। সেখানে সামান্য ক্ষতি হয়।
অন্যদিকে, ইরানের রেভ্যুলুশন্যারি গার্ড কোর এক বিবৃতিতে দাবি করেছে, ইসরায়েলে হামলা পুরোপুরি সফল হয়। নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করেছে ড্রোনবাহী ক্ষেপণাস্ত্রগুলি।
বিপরীতে ইজরায়েলি সেনার দাবি, তাদের অ্যারো এরিয়াল ডিফেন্স সিস্টেম এই ধরনের ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় সক্ষম। যদিও গত বছর প্যালেস্তাইনের হামলা রুখতে ব্যর্থ হয়েছিল ইজরায়েলের গর্বের অ্যারো এরিয়াল ডিফেন্স ব্যবস্থা। ইরানের হামলা ব্যর্থ করে দেওয়ার পিছনে মার্কিন সেনার বড় অবদান আছে বলে জো বাইডেন জানিয়েছেন। তিনি বলেন, গত তিন সপ্তাহ ধরে আমাদের সেনারা আকাশ পথে হামলা ঠেকাতে ইজরায়েল সেনার সঙ্গে যৌথভাবে কাজ করছে।
ইরানের হামলায় ক্ষয়ক্ষতি ঠেকানো গেলেও ইজরায়েল সরকার যুদ্ধকালীন জরুরি অবস্থা বহাল রাখছে। স্কুল-কলেজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে মিটিং-মিছিল।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর এক বিবৃতিতে বলেছেন, ইরান-ইজরায়েল সংঘাত নিয়ে রবিবার তিনি জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানদের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যে জার্মানি ইরানের হামলার তীব্র নিন্দা করে তেহরানকে সতর্ক করেছে।