
লোকাল ট্রেন চলাচল বন্ধ।
শেষ আপডেট: 6 May 2024 21:35
দ্য ওয়াল ব্যুরো: এতদিনের জ্বালাপোড়া গরমের শেষে বৃষ্টি নেমেছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টিতে স্বস্তি মিললেও মহা সমস্যায় পড়েছেন লোকাল ট্রেনের যাত্রীরা। তুমুল ঝড়বৃষ্টিতে জল জমে, কোথাও ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি দেখা দিয়েছে। আপ ও ডাউন লোকাল চলাচলে বিঘ্ন ঘটেছে। দিনের শেষে অফিস ফেরত যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
সূত্রের খবর, সোমবার রাত সাড়ে ৮ টা নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আপ ও ডাউন কোনও লাইনেই চলছে না ট্রেন। প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়। উত্তেজনা ক্রমেই বাড়ছে।
জানা গেছে, ঝড় ওঠার পরেই নরেন্দ্রপুর স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি দেখা দেয়। ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট করে জানায়নি রেল।
টানা কয়েক সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলেছে বাংলায়। কলকাতার তাপমাত্রাই ৪২ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল যে আজ বিকেলের পর থেকেই ঝড়বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনার কথাও বলেছিল হাওয়া অফিস। পূর্বাভাস মিলে গেছে। সন্ধে নামতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি। ঘন ঘন বাজও পড়েছে। শহরের অনেক জায়গাতেই জল জমে গেছে। সন্ধের পরে বাড়ি ফিরতে গিয়ে নাকাল হতে হয়েছে নিত্যযাত্রীদের।