
শেষ আপডেট: 15 October 2024 20:08
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে ঠাকুর জলে পড়তেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। বর্ষা বিদায় নিয়েছে ইতিমধ্যেই। বাতাসে আর্দ্রতা কমছে। এর ফলে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খসখসে হয়ে যাওয়ার পাশাপাশি ত্বকের জেল্লাও কমে আসতে থাকে। তাই এই সময় বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন হয়। ভিটামিন ই এক্ষেত্রে সাহায্য করতে পারে। বিভিন্ন বিউটি প্রোডাক্টে এই ভিটামিনের ব্যবহার করা হয়, যাতে ত্বক আর্দ্র থাকে। তবে, কথায় আছে না পেটে খেলে পিঠে সয়। তাই ভিটামিন ই রয়েছে এমন খাবার খেলে কিন্তু ভিতর থেকে শরীর ভাল থাকবে এবং ত্বকও ভাল থাকবে।
ভিটামিন ই ডায়েটে রাখতে এই খাবারগুলি ব্রেকফাস্টে অ্যাড করা যেতে পারে -
আমন্ড
আমন্ডে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। রাতে পাঁচটা আমন্ড ভিজিয়ে সকালে তার খোসা ছাড়িয়ে খেলে ভাল উপকার পাওয়া যেতে পারে। পাশাপাশি, বেড টি বা ব্রেকফাস্টে কর্নফ্লেক্সের সঙ্গেও আমন্ড মিশিয়েও খাওয়া যেতে পারে।
পালং শাক
পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে। রয়েছে ফাইবারও। ফলে পালং শাক বিভিন্ন ভাবে শরীর ভাল রাখে। ব্রেকফাস্টে ডিমের সঙ্গে বা স্যালাডের সঙ্গে এটি খাওয়া যেতে পারে। স্যান্ডউইচে দেওয়া যেতে পারে বা রোজকার তরকারি হিসেবেও খাওয়া যেতে পারে।
অ্যাভোকাডো
পালংয়ের মতোই শরীরের একাধিক উপকার করে অ্যাভোকাডো। এই ফল স্যান্ডউইচে লাগিয়ে খাওয়া যেতে পারে বা এর চাটনি বানিয়ে তা দিয়ে কিছু মিশিয়ে খাওয়া যেতে পারে।
চিনা বাদাম
পিনাট বাটার অনেকের পছন্দের খাবার। পাউরুটিতে লাগিয়ে খাওয়া যেতে পারে এটি। অনেকসময় পিনাট বাটার দিয়ে স্যান্ডউইচও করা হয়ে থাকে। এছাড়াও পিনাট পোহা, উপমার সঙ্গেও অনেকে খেয়ে থাকে। চিনা বাদাম থেকেই এই মাখন তৈরি হয়। এতে ভিটামিন ই থাকে।
সানফ্লাওয়ার শিড
সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বর্তমানে খুবই জনপ্রিয় সানফ্লাওয়ার শিড। ভিটামিন ই-তে ভরপুর। চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে বা ওটস, কর্নফ্লেক্সের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। অনেক প্রোটিন বার, মুসলিতেও এই শস্যদানা পাওয়া যায়।