রশ্মিকা মান্দানার গার্লস ট্রিপ থেকে শুরু—এই শীতে ভারতীয়দের নতুন বিদেশ ভ্রমণের ঠিকানা শ্রীলঙ্কা!

রশ্মিকা মান্দানা
শেষ আপডেট: 17 December 2025 12:19
দ্য ওয়াল ব্যুরো: শীতের আমেজ শুরু হতেই ভারতীয় পর্যটকদের মধ্যে বিদেশ ভ্রমণের ধুম লেগেছে। আর এই তালিকায় চলতি বছরে সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। একদিকে সাধারণ পর্যটকদের ভিড়, অন্যদিকে দক্ষিণী সুপারস্টার রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna) ‘গার্লস ট্রিপ’, সব মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রে দ্বীপরাষ্ট্রটি (Sri Lanka)।
বিয়ের আগে রশ্মিকার ‘ব্যাচেলরেট’ সফর?
সম্প্রতি নিজের ব্যস্ত শুটিং শিডিউল থেকে দু’দিনের ছুটি বের করে প্রিয় বান্ধবীদের নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। সমুদ্র সৈকতে হলুদ সামার ড্রেসে কাটানো মুহূর্ত থেকে শুরু করে ডাব বা ককটেল খাওয়ার একগুচ্ছ ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
রশ্মিকা একে কেবলই ‘গার্লস ট্রিপ’ বললেও ভক্তদের ধারণা অন্য। আগামী ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবেরকোন্ডার সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তাই ভক্তদের দাবি, এটি আসলে বিয়ের আগের ‘ব্যাচেলরেট ট্রিপ’ বা আইবুড়ো ভাত সফর। প্রসঙ্গত, রশ্মিকার সাম্প্রতিক ছবি ‘থাম্মা’ বক্স অফিসে ১৮৭ কোটি টাকা আয় করে ব্যাপক সাফল্য পেয়েছে।
কেন ভারতীয়দের প্রথম পছন্দ শ্রীলঙ্কা?
ভিসা প্রসেসিং প্ল্যাটফর্ম 'অ্যাটলিস' (Atlys)-এর তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার শ্রীলঙ্কা ভ্রমণে ভারতীয়দের আগ্রহ বেড়েছে প্রায় ৫ গুণ। এর পেছনে মূলত ৫টি কারণ রয়েছে:
১. সহজে প্রবেশাধিকার: মাত্র ১-২ দিনেই ইটিএ (ETA) অনুমোদন পাওয়া যায় এবং ভারত থেকে খুব কম সময়ে বিমানে পৌঁছানো সম্ভব।
২. সাশ্রয়ী ভ্রমণ: থাকা-খাওয়া এবং যাতায়াতের খরচ অন্যান্য দেশের তুলনায় অনেক কম। ফলে ভ্রমণ প্রেমী মানুষ এই দেশটিকেই বেছে নিচ্ছেন।
৩. মনোরম সৈকত: দক্ষিণ উপকূলের শান্ত শহর থেকে শুরু করে সার্ফিং করার মতো উত্তাল সমুদ্র—সবই একসঙ্গে পাওয়া যায়।
৪. ইতিহাস ও ঐতিহ্য: ইউনেস্কো স্বীকৃত প্রাচীন মন্দির ও ঔপনিবেশিক আমলের স্থাপত্য পর্যটকদের টানে।
৫. খাবার: শ্রীলঙ্কার নারকেল সমৃদ্ধ কারি এবং সামুদ্রিক মাছের স্বাদ ভারতীয়দের রসনাতৃপ্তির জন্য দারুণ। ফলে পকেটে টাকা আর সময় নিয়ে এই দেশটিতেই পাড়ি দিচ্ছেন ভারতীয়রা।
২০২৫-এ ভারতীয়দের পছন্দের আরও কিছু গন্তব্য:
শ্রীলঙ্কা ছাড়াও ভারতীয়রা এই শীতে বেশ কিছু নতুন গন্তব্যের দিকে ঝুঁকছেন। গত বছরের তুলনায় এই দেশগুলোতেও পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে:
শ্রীলঙ্কার পাশাপাশি ভারতীয় ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় এখন যুক্ত হয়েছে আরও বেশ কিছু বৈচিত্র্যময় দেশ। বন্যপ্রাণী প্রেমীদের জন্য আদর্শ গন্তব্য হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা, যেখানে ওয়াইল্ড লাইফ সাফারির টানে পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় ২.৯ গুণ। বিলাসিতা আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল খুঁজতে ভারতীয়রা বেছে নিচ্ছেন ওমান ও জর্জিয়াকে; এই দুই দেশে ভ্রমণকারীর সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে, যারা ইতিহাস এবং স্থাপত্য ভালোবাসেন, তাদের কাছে উজবেকিস্তান ও মরক্কো হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ। বিশেষ করে সিল্ক রোডের প্রাচীন ইতিহাস আর অনন্য কারুকার্যের টানে এই দুই দেশে পর্যটকদের ভিড় বাড়ছে।
আধুনিক নাগরিক জীবনের জৌলুস আর শীতকালীন উৎসবের আনন্দ উপভোগ করতে ভারতীয় পর্যটকরা পাড়ি দিচ্ছেন হংকং ও জাপানে। যদিও দুবাই, ব্রিটেন বা আমেরিকার মতো চিরচেনা জায়গাগুলোর জনপ্রিয়তা আজও অমলিন, তবে চলতি বছরে ভারতীয়রা নতুন নতুন দেশ ও সংস্কৃতি আবিষ্কারে অনেক বেশি উৎসাহ দেখাচ্ছেন।