
শেষ আপডেট: 18 June 2022 13:46

সন্ধের টিফিনে হোক বা ডিনারের প্লেটে, চিকেনের যে কোনও কাবাব মানেই পেটপুজো জমে ক্ষীর। টিক্কা কাবাব, মালাই শিক কাবাব, শামি কাবাব কিংবা চিজ চিকেন কাবাব (Chicken Recipes)- জিভে জল আনা সেই তালিকার শেষ নেই। ভাল মানের এসব চিকেন কাবাব খেতে চাইলে অবশ্য রেস্তোরাঁ ছাড়া গতি নেই। গাঁটের কড়িও খসে ভালই।
কিন্তু চিকেনের দারুণ সুস্বাদু কাবাব যদি তৈরি হয় আপনার রোজকার হেঁশেলেই? রান্নার ঝুটঝামেলা ছাড়াই যদি ডিনারের পাতে পড়ে গরম গরম চিকেন কাবাব? আজকের প্রতিবেদনে রইল তেমনই এক সহজ, দুর্দান্ত রেসিপির খোঁজ। রান্নাঘরে মজুত উপকরণ দিয়েই নিমেষে বানিয়ে ফেলা যায় এই চিকেন তাওয়া কাবাব (Chicken Tawa Kebab)।
পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, ধনেপাতা ও যাবতীয় মশলা চিকেনের পেষ্টের সঙ্গে মিশিয়ে নিন। তাতেই দিয়ে দিন চিজ, ফ্রোজেন বাটার, নুন, চিনি। ভাল করে মেখে ফ্রিজের নর্মাল তাপমাত্রায় আধঘণ্টা রেখে দিন ম্যারিনেট করার জন্য। হাতে সময় থাকলে ম্যারিনেশনের সময়টা ঘণ্টাখানেক করুন। চাইলে চিনি বাদ দেওয়া যেতে পারে। আমি দিই, স্বাদ বাড়ে। ঝালের পরিমাণ ইচ্ছেমতো কমবেশি করতেই পারেন।
এবার ননস্টিক প্যানে তেল দিয়ে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন। একদিক হয়ে এলে সাবধানে উল্টে অন্য পিঠটাও সেঁকে নিন। ছুরি দিয়ে লম্বা করে কেটে বা আপনার ইচ্ছেমতো আকারে কেটে দই-পুদিনার চাটনি ও পেঁয়াজের রিং দিয়ে পরিবেশন করুন চিকেন তাওয়া কাবাব।
আরও পড়ুন: একথালা সাদা ভাতের সঙ্গে চেখে দেখুন সহজ এই দুটো রেসিপি