তিন চাকা বাদে বাকিরা বাজারের নামমাত্র অংশীদার। তবুও ছবিটা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে। কথা হচ্ছে, দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবসার হাল নিয়ে।

বৈদ্যুতিক গাড়ি
শেষ আপডেট: 8 October 2025 22:48
তিন চাকা বাদে বাকিরা বাজারের নামমাত্র অংশীদার। তবুও ছবিটা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে। কথা হচ্ছে, দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবসার (electric cars business) হাল নিয়ে।
২০২৪ সালের সেপ্টেম্বরের চেয়ে গত মাসে আরও বেশি ক্রেতা তেলের বদলে গাড়ির জ্বালানি (car fuel) হিসেবে বিদ্যুতকেই বেছে নিয়েছেন। ফলে পথের মাঝে আরও বেশি চার্জ দেওয়ায় পরিকাঠামো বা চার্জিং পয়েন্ট (charging point) তৈরির চাহিদাও দ্রুত বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
খবরটা লিখতে গিয়ে একটা বাস্তব উদাহরণের কথা মনে পড়ে যাচ্ছে। বাড়িতে, মূলত শহরাঞ্চলে, এখন বেশিরভাগ বাড়িতেই আধুনিক বৈদ্যুতিক ফিল্টার। তা, সংশ্লিষ্ট সংস্থার মেকানিক এদ্দিন নিজের মোটরবাইকে চেপেই বাড়িগুলিতে যেতেন সেই সব যন্ত্রের রক্ষণাবেক্ষণের জন্য। হঠাৎ একদিন দেখা গেল, তিনি ই-স্কুটার বা বৈদ্যুতিক স্কুটারে সওয়ার! জানালেন, মোটরবাইকে তেল বাবদ রোজ তাঁর খরচ হত গড়পড়তা ১১০-১২০ টাকা। অথচ ই-স্কুটারে রোজ রাতভর চার্জ দিতে খরচ হয় দুই ইউনিটের মতো বিদ্যুৎ। বিদ্যুতের দাম খুব বেশি হলে ইউনিট প্রতি দশ টাকা হলেও খরচ নামছে প্রায় ২০ টাকায়। অর্থাৎ, রোজ তাঁর যাতায়াতের জ্বালানি খরচ বাঁচছে প্রায় ১০০ টাকা। কিন্তু কাজে কোনও প্রভাব পড়ছে না, দাবি করে তিনি জানান, আগে যে ক’টি বাড়িতে রোজ যেতেন, এখনও সময়াভাবে একটাও কম হয়নি।
বৈদ্যুতিক দু চাকার গাড়ির বিক্রি বেড়েছে, বুধবার পরিসংখ্যান দিয়ে জানালো ডিলারদের সংগঠন ফাডা - ও (Federation of Automobile Association)। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক ও দেশের ১৩৯২ টি আরটিও (RTO) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা জানাচ্ছে, ২০১৪ সালের সেপ্টেম্বরে ভারতের দু'চাকার গাড়ি বাজারের ৭.৫% ছিল বৈদ্যুতিকের দখলে। এবারে তা আরও বেড়ে হল, ৮.১%- এ। বাকিটা প্রচলিত তেলের দু চাকার গাড়ির দখলে।
গত বছরের চেয়ে এবারের সেপ্টেম্বরে যাত্রী গাড়ির (Passenger Vehicle) অংশীদারী মাত্র ২.৪% থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে ৫.১%- এ। বৈদ্যুতিক বাণিজ্যিক গাড়ির অংশীদারী ১.২১% থেকে বেড়ে হয়েছে ২.১৮%।
বস্তুত, বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে অনেকগুলিই পণ্যবাহী হয় বলে সেগুলি চালানোর শক্তিও বেশি প্রয়োজন। তাই বৈদ্যুতিক বাণিজ্যিক গাড়ি নিয়ে প্রাথমিক ভাবে একটা সংশয় ছিল বাজারে। কিন্তু বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিগত উন্নতির ফলে সেগুলি চাহিদাও বাড়ছে বলে মত সংশ্লিষ্ট মহলের।
তিন চাকার গাড়ি বাজারের অবশ্য বেশিরভাগই বাণিজ্যিক। গত বছরে তাদের অংশীদারী ছিল মোট বাজারের ৫৯%। এবারে সেপ্টেম্বরে তা আরও বেড়ে ৬১.৭%- এ পৌঁছেছে, জানিয়েছে ফাডা।
এ তো গেল বাজারে তেলের চেয়ে ক্রম বর্ধমান বৈদ্যুতিক গাড়ির অংশীদারির ছবি। স্বাভাবিক ভাবেই বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়ছে বলে গত বারের চেয়ে এবারে সব মিলিয়ে এমন গাড়ির বিক্রি বেড়েছে প্রায় ১৩.৫%। যাত্রী গাড়ি বিক্রি বৃদ্ধির হার ১৪৭.৬০%। ১৫% বেড়েছে বৈদ্যুতিক দু’চাকার গাড়ির বিক্রি। আর বাণিজ্যিকের ক্ষেত্রে সেই হার ৮৪%। তবে বৈদ্যুতিক তিন চাকার গাড়ির বিক্রি গতবারের বৈদ্যুতিকের চেয়ে সামান্য কমেছে।
দীপাবলী আরও সময়েও শুভ মনে করে অনেকে গাড়ি কেনেন। এ মাসে তাই বিক্রি আরও বাড়ে কি না, সেটাই এখন দেখার।