কার্যকর এআই প্রম্পট লেখা একদিনে শেখা যায় না। তবে সঠিকভাবে বিষয়, বর্ণনা, স্টাইল এবং ফ্রেমিং ব্যবহার করতে পারলে ছবির মান চোখে পড়ার মতো উন্নত হয়।

এআই প্রম্পট
শেষ আপডেট: 8 March 2026 11:51
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় এখন চোখ রাখলেই ভেসে উঠছে একের পর এক অবিশ্বাস্য ছবি। কখনও অদ্ভুত কল্পনার দৃশ্য বাস্তবে দেখা যাচ্ছে, কখনও আবার অদ্ভুত নকশা ফুটে উঠছে চোখের সামনে। এই বিপুল সংখ্যক ছবি তৈরি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। অনেকেই বলতে পারেন, আমিও তো প্রম্পট দি, কই এই ছবি তো আসে না। জেন জিরা বলছেন, এই ছবিগুলোর সাফল্য বা ব্যর্থতার আসল চাবিকাঠি রয়েছে প্রম্পটে (Prompt)।
অনেকে মনে করেন, খারাপ ছবি তৈরি হলে দায় এআই মডেল বা চ্যাটবটের। বাস্তবে কিন্তু বিষয়টি উল্টো। যে নির্দেশ বা লেখা দিয়ে ছবির অনুরোধ করা হয়, অর্থাৎ প্রম্পটই ঠিক করে দেয় ছবির মান, ধরন ও বাস্তবতা। ভাষাই এখানে প্রধান ইন্টারফেস (Interface)। তাই যত স্পষ্ট ও বিস্তারিতভাবে নির্দেশ লেখা হবে, ততই নিখুঁত ছবি তৈরি করতে পারবে এআই (AI)।
কীভাবে প্রম্পট দেবেন?
প্রথম ধাপেই দরকার স্পষ্ট বিষয় বা দৃশ্য (Subject and Scene) উল্লেখ করা। শুধু “একটি শহরের রাস্তা” লিখলে এআই অনেক রকমভাবে তা ব্যাখ্যা করতে পারে। ফলে ফলাফলও হয়ে যায় অনির্দিষ্ট। তার বদলে যদি লেখা হয়—“বৃষ্টিভেজা টোকিওর রাস্তায় রাতের বেলা দাঁড়িয়ে থাকা লাল রঙের ভিন্টেজ মোটরসাইকেল, চারপাশে নিয়ন আলো ঝলমল করছে”—তবে এআই অনেক বেশি নির্ভুল ছবি তৈরি করতে পারে।
এর পরের ধাপ হল বিস্তারিত বর্ণনা (Descriptive Details)। দৃশ্যের ছোটখাটো উপাদান, টেক্সচার (Texture) বা উপকরণের উল্লেখ করলে ছবির গভীরতা বাড়ে। যেমন—ম্যাট কালো সাইবারপাঙ্ক মোটরসাইকেল, ভেজা রাস্তা, নীল নিয়ন আলো, পানিতে সাইনবোর্ডের প্রতিফলন—এ ধরনের উপাদান ছবিকে আরও বাস্তব করে তোলে।
তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল শিল্পধারা বা ভিসুয়াল স্টাইল (Visual Style)। সিনেম্যাটিক আলো (Cinematic Lighting), ডিজিটাল কনসেপ্ট আর্ট (Digital Concept Art), অ্যানিমে বা অয়েল পেইন্টিং—এই ধরনের নির্দেশ দিলে ছবির সামগ্রিক রূপ নির্দিষ্ট হয়ে যায়। বিশেষ করে ব্র্যান্ডিং বা গল্পভিত্তিক কনটেন্ট তৈরির ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর।
ছবি তৈরির সময় ক্যামেরার দৃষ্টিকোণ বা ফ্রেমিং (Composition) উল্লেখ করাও জরুরি। যেমন ক্লোজ়-আপ (Close-up), ওয়াইড অ্যাঙ্গেল (Wide-angle), বা শ্যালো ডেপথ অফ ফিল্ড (Shallow Depth of Field) লিখলে ছবিটি আরও পেশাদার মনে হয়।
আরও একটি কার্যকর কৌশল হল নেগেটিভ প্রম্পট (Negative Prompt)। এর মাধ্যমে জানিয়ে দেওয়া যায় ছবিতে কী থাকবে না—যেমন ব্লারি ছবি, ওয়াটারমার্ক বা অপ্রয়োজনীয় লেখা।
বিশেষজ্ঞদের মতে, কার্যকর এআই প্রম্পট লেখা একদিনে শেখা যায় না। তবে সঠিকভাবে বিষয়, বর্ণনা, স্টাইল এবং ফ্রেমিং ব্যবহার করতে পারলে ছবির মান চোখে পড়ার মতো উন্নত হয়। সহজ কথায়, যত নিখুঁত প্রম্পট, তত নিখুঁত ছবি।