
ইস্টবেঙ্গল এফসি'র নয়া কোচ অস্কার ব্রুজোঁ
শেষ আপডেট: 8 October 2024 21:28
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ফুটবল দলের শুরুটা একেবারে ভাল হয়নি। প্রথম তিনটে ম্যাচেই তাদের হার স্বীকার করতে হয়েছে। এই পরিস্থিতিতে পরাজয়ের দায় মাথায় নিয়ে দায়িত্ব ছেড়ে দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। মরশুমের মাঝপথে দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিছুটা হলেও ফাঁপড়ে পড়েছিল। তবে কুয়াদ্রাতের বিকল্প ইতিমধ্যেই তারা বেছে নিয়েছে।
এই তালিকায় বেশ কয়েকজনের নাম ছিল। তবে শেষ পর্যন্ত বাজিমাত করলেন অবসরপ্রাপ্ত স্প্যানিশ ফুটবলার অস্কার ব্রুজোঁ। মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এই কথা ঘোষণা করা হয়েছে। কে এই অস্কার ব্রুজোঁ? ফুটবল ময়দানে কীই বা তাঁর পরিচয়? আসুন এই ব্য়াপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
স্পেনের গ্যালিসিয়ায় জন্মগ্রহণ করেন অস্কার ব্রুজোঁ। বর্তমানে তিনি ৪৭ বছর বয়সে পা রেখেছেন। তিনি নিজে একজন মিডফিল্ডার ছিলেন। তবে দলের প্রয়োজনে উইঙ্গার হিসেবেও খেলেছেন। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি মোট ৯৯ ম্যাচে ৯ গোল করেছেন।
এবার অস্কারের কোচিং কেরিয়ারের কথায় আসা যাক। ২০১২ সালে স্পোর্টিং ক্লুব ডি গোয়ার হাত ধরে ভারতীয় ফুটবলে পা রাখেন। যদিও এর আগে স্পেনের দুটো যুব ফুটবল ক্লাবকে তিনি কোচিং করিয়েছিলেন। কিন্তু, সেভাবে সাফল্য স্পর্শ করতে পারেননি তিনি। ২০১৫ সালে তিনি ইন্ডিয়ান সুপার লিগে পা রাখেন। মুম্বই সিটি-র সহকারি কোচ ছিলেন তিনি। এক মরশুমের পরই তাঁকে আর এই টুর্নামেন্টে দেখতে পাওয়া যায়নি। ২০১৭ সালে মুম্বই এফসি-র কোচ হিসেবে তিনি কামব্যাক করলেও, সেভাবে সাফল্যের মুখ দেখতে পাননি।
অবশেষে ২০১৮ সালের ২১ অগাস্ট বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের ম্যানেজার হিসেবে নিযুক্ত হন তিনি। দায়িত্ব নেওয়ার প্রথম মরশুমেই তিনি বসুন্ধরা কিংসকে যাবতীয় ঘরোয়া টুর্নামেন্ট জিতিয়ে দেন। ২০১৯ এএফসি কাপেও দলটা কোয়ালিফাই করে। অস্কারের কোচিংয়েই বসুন্ধরা কিংস এশিয়ান ফুটবলে স্বতন্ত্র জায়গা করতে পারে। উল্লেখ্য, ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও তাঁকে নিয়োগ করা হয়েছিল। এবার ইস্টবেঙ্গলকে এই কঠিন পরিস্থিতি থেকে তিনি কীভাবে উদ্ধার করতে পারেন, সেটাই আপাতত দেখার।